• চন্দ্রনাথ খুন কাণ্ডে নয়া মোড়! তদন্তকারীদের স্ক্যানারে আরও এক বাইক
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চন্দ্রনাথ খুন কাণ্ডে উদ্ধার হল দুষ্কৃতীদেরদের আরও একটি  বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বারসতের ১১ নম্বর রেলগেটের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত আরও একটি বাইক উদ্ধার করে তারা। বাইকটির নম্বর WB24B M4052। এটির রেজিস্ট্রেশন ছিল বারাকপুর আরটিও অফিসের। এর আগেও কলকাতা বিমানবন্দরের গেটের কাছে ভ্যাট থেকে আরও একটি বাইক বাজেয়াপ্ত করেছিল পুলিশ। অবশ্য সেই বাইকটির নম্বর প্লেট ছিল ভুয়ো। এদিন বাজেয়াপ্ত করা বাইকটির নম্বরপ্লেট, ইঞ্জিন এবং চেসিস নম্বর আসল কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের অনুমান এই বাইকে করেই পালিয়েছিল দুষ্কৃতীরা। এরপর রেলগেটের কাছে সেটা ফেলে অন্য গাড়িতে পালান তারা।

    বুধবার রাতে গাড়ি করে ফিরছিলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। সেই সময়ে তাঁর পথ আটকায় একটি ছোট গাড়ি। গাড়ি থেকে নেমে এসে চন্দ্রনাথকে উদ্দেশ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়ির কাঁচ ভেদ করে গুলি লাগে চন্দ্রনাথের শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর বাইকে চেপে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনার পর একটি গাড়ি রাস্তাতেই পড়ে থাকে। সেটি বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা লাল রঙের গাড়ির এখনও কোনও হদিশ মেলেনি। ওই গাড়িটি সম্ভবত ভিন রাজ্যের হতে পারে বলে আশঙ্কা করছে তদন্তকারীরা। 

    ইতিমধ্যে এসটিএফ এবং এটিএফ কে সতর্ক করা হয়েছে। অভিযুক্তদের ধরতে কেন্দ্রের সব এজেন্সি এক সঙ্গে কাজ করছে বলে জানা গিয়েছে। তবে এই হত্যাকান্ডে ভিন রাজ্যের সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের কোনো যোগসূত্র রয়েছে কীনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
  • Link to this news (বর্তমান)