• জল্পনার অবসান, শুভেন্দুই মুখ্যমন্ত্রী!
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলায় প্রথমবার সরকার গঠন করতে চলেছে বিজেপি, আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। 

    শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে শাসকদলের পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হল শুভেন্দু অধিকারীকে। বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ সহ দলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, সেখানেই শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত করা হয়।

    নির্বাচনের পর কোনও রাজ্যে সরকার গঠনের আগে বিজেপি তাদের বিধানসভা পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই দায়িত্বে ছিলেন দলের শীর্ষ নেতা অমিত শাহ। তাঁর সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

    শুক্রবার বিকেলে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়। শাহ ও মোহন চরণ মাঝির উপস্থিতিতে হওয়া বৈঠকে সর্বসম্মতভাবে শুভেন্দু অধিকারীকেই পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। ফলে তিনিই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বৈঠক শেষে বিজেপি নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করে। এরপর বিধায়কদের সমর্থনের চিঠি নিয়ে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সরকার গঠনের দাবি পেশ করবেন।
  • Link to this news (বর্তমান)