নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশি মাত্রায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা। আজ একদিকে রবীন্দ্রজয়ন্তী এবং অন্যদিকে ব্রিগেডে রাজ্যের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তাই কলকাতার সম্ভাব্য আবহাওয়া নিয়ে বিভিন্ন মহলে কিছুটা কৌতূহল ও উদ্বেগ রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস শুক্রবার জানান, আজ সকালের দিকে কলকাতা ও লাগোয়া এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। ৯০ শতাংশ সম্ভাবনা নেই বলা যায়। আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বেলা বাড়লে, দুপুর থেকে কোনো কোনো স্থানে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল-সন্ধ্যার পরই তা বাড়বে। তখন ঝড়বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেই যথারীতি ‘নাউকাস্ট’ পূর্বাভাস দেওয়া হবে।
একাধিক নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের অবস্থানের জন্য গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাঝে মাঝে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। শুক্রবারও তা হয়েছে। বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টিও হয়। তবে বৃহস্পতিবারের তুলনায় তার মাত্রা সন্ধ্যা পর্যন্ত কমই ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার দমদম এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে কালবৈশখীর ঝড় হয়েছে। শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে হুগলি থেকে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে জলপাইগুড়ির গয়েরকাঁটা চা বাগানে সর্বোচ্চ ৬০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তারপর কলকাতার আলিপুরে বৃষ্টিপাত হয়েছে ৫০ মিমি। হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় ২০ থেকে ৩০ মিমি বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা থাকছে। তারপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্যজুড়েই।