• বোরখা ফতোয়া ঘিরে চাঞ্চল্য ডোমজুড়ের কলেজে, থানায় গিয়ে ক্ষমা চাইল অভিযুক্ত, নিন্দা এবিভিপির
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের আবহে ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ কলেজে বোরখা বিতর্ককে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ‘বোরখা পরে কলেজে আসা যাবে না’— কলেজের সামনে এক বিজেপি সমর্থকের এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। সক্রিয় হয় প্রশাসনও। পরে অভিযুক্ত ব্যক্তি থানায় গিয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    ঘটনাটি ঘটেছে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন। ভাইরাল হওয়া ভিডিয়োতে রাজীব মোহন্ত নামের এক বিজেপি সমর্থককে বলতে শোনা যায়, ‘বোরখা পরে কলেজে আসা যাবে না। এটা কলেজ, মাদ্রাসা নয়।’ ভিডিয়োটি সামনে আসতেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় বিভিন্ন মহলে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। অনেকেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন। আজাদ হিন্দ ফৌজ কলেজের অধ্যাপক ডঃ সুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘ওই ভিডিয়ো আমাদের নজরে এসেছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করা হবে না। আমরা পড়ুয়া ও অভিভাবকদের আশ্বস্ত করেছি।’

    তবে বিতর্কের জেরে শুক্রবার কলেজে পড়ুয়াদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। মহম্মদ আনসার নামের এক অভিভাবক বলেন, ‘ভিডিয়োটি দেখে বুঝতে পারছিলাম না মেয়েকে কলেজে পাঠানো ঠিক হবে কি না। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ আশ্বস্ত করায় মেয়েকে কলেজে নিয়ে এসেছি।’ এদিকে ডোমজুড় থানায় গিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান অভিযুক্ত রাজীব মোহন্ত। তাঁর দাবি, ‘উত্তেজনার বশে কথাগুলি বলে ফেলেছিলাম। আমি বিজেপির সক্রিয় কর্মী নই, একজন সমর্থক মাত্র। এভাবে বলা উচিত হয়নি।’ ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিও। সংগঠনের হাওড়া সদরের যুগ্ম সম্পাদক রাজ সরকার বলেন, ‘সব ধর্মের পড়ুয়াদের জন্যই কলেজ মুক্ত অঙ্গন। কোনো ধর্মের পোশাক নিয়ে ফতোয়া জারি করা যায় না। পড়ুয়ারা নিশ্চিন্তে কলেজে আসবেন।’ পুলিশও জানিয়েছে, বিষয়টি নিয়ে যাতে কোনো বিভ্রান্তি বা গুজব না ছড়ায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)