• হাই মাদ্রাসা: ৯০.৮৬ শতাংশ পাশের হার, এগিয়ে ছাত্রীরা
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শুক্রবার প্রকাশিত হল হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল। এবার পাশের হার (রেগুলার) বেড়ে হয়েছে ৯০.৮৬ শতাংশ। গতবার ছিল ৯০.৩২ শতাংশ। একই সঙ্গে এবার পাশের হারে ছাত্রদের থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা। পাশ করা ৪২ হাজার ৭৪৪ জন পড়ুয়ার মধ্যে ২৭ হাজার ১৬২ জনই ছাত্রী। ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৫৮১ জন। একজন তৃতীয় লিঙ্গের। এদিন ফলাফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন। প্রথম ১০ জনের মেধা তালিকাও প্রকাশিত হয়। তাতে ১৩ জন রয়েছে। ৭৮১ নম্বর পেয়ে প্রথম হয়েছে দুজন। মুর্শিদাবাদের ভাবিতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র মহম্মদ মুস্তাক নাজিম এবং মালদহের এনএমএস হাই মাদ্রাসার ছাত্র শাহান আকতার। দ্বিতীয় হয়েছে মালদহের ফতেখানি হাই মাদ্রাসার ছাত্র মহম্মদ শাকিল হোসেন। তার প্রাপ্ত নম্বর ৭৮০। তৃতীয় হয়েছে কোচবিহারের মুনশিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার ছাত্র মিরাজ রহমান। তার প্রাপ্ত নম্বর ৭৭৮।

    মাদ্রাসা শিক্ষক সংগঠনের নেতা আবু সুফিয়ান পাইক বলেন, নতুন সরকারের কাছে দাবি থাকবে, যাতে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে মাদ্রাসাকে আরো গুরুত্ব দেওয়া হয়। 

    এদিনই আলিম এবং ফাজিল (ওল্ড সিলেবাস) ও ফাজিল (সেমেস্টার) পরীক্ষার (রেগুলার) ফলাফলও প্রকাশিত হয়েছে। আলিমে পাশের হার বেড়ে হয়েছে ৯৩.০৩ শতাংশ। গতবছর ছিল ৯২.৮১ শতাংশ। প্রথম ১০ এর মেধা তালিকায় ১০ জন রয়েছে। উত্তর ২৪ পরগনার নুরুননবি সিনিয়র মাদ্রাসার ছাত্রী মির সাদিয়া জাহিন। তার প্রাপ্ত নম্বর ৮৬২। ফাজিল (সেমেস্টার) এর পরীক্ষা এই প্রথমবার হল। পাশের ৯৩.৫৩ শতাংশ। ৫৭৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার নুরুননবি সিনিয়র মাদ্রাসারই ছাত্র ইরফান হোসেন। ফাজিল (ওল্ড সিলেবাস)-এ পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.০৫ শতাংশ। গতবার ছিল ৯৩.১৫ শতাংশ। এই পরীক্ষায় ৪৭৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে হুগলির পিরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ সলমান খুরশিদ আলম গায়েন।
  • Link to this news (বর্তমান)