নতুন সরকার শিক্ষাব্যবস্থার উন্নতি করুক, চাইছে কৃতীরা
বর্তমান | ০৯ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে পালাবদলের পরপর, শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। জেলায় জেলায় কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দে মেতেছেন তাদের আত্মীয়-স্বজন থেকে পরিবার। মেধাবী পড়ুয়াদের কেউ ডাক্তার হতে চায়, কারও ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার। এসবের মধ্যেই নতুন সরকারের কাছে একাধিক কৃতী পড়ুয়ার আবেদন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা হোক। দক্ষিণ ২৪ পরগনা জেলায় যারা মেধাতালিকায় স্থান পেয়েছে, তাদের অনেকেই এদিন এ ব্যাপারে মতামত জানিয়েছে। যেমন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে তৃতীয় হয়েছে সৌর জানা। তার কথায়, ‘শিক্ষা নিয়ে যাতে কোনো রাজনীতি না হয় এবং শিক্ষাব্যবস্থাকে যাতে আরও ভালো করা যায়, সেই আবেদন থাকবে নতুন সরকারের কাছে।’ মেধাতালিকায় নবম স্থান পাওয়া ঐশিক চক্রবর্তীর বক্তব্য, ‘পড়াশোনার ক্ষেত্রে এবং সার্বিক শিক্ষাব্যবস্থা আরও ভালো করা দরকার। আগামী দিনে সরকারের এই দিকটায় বেশি নজর দেওয়া প্রয়োজন নতুন সরকারের।’ সোনারপুর বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্রী বিদিশা হালদার এবার ষষ্ঠ স্থান অধিকার করেছে। শিক্ষাব্যবস্থা নিয়ে তার বক্তব্য, ‘এবার অন্তত পাশ-ফেল প্রথা চালু হোক। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নত করার পাশাপাশি শিক্ষক নিয়োগেও গুরুত্ব দেওয়ার আবেদন জানাচ্ছি।’