নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনোত্তর পরিস্থিতিতে তৃণমূলের কয়েকজন নেতা দল বিরোধী মন্তব্য করেছেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েই কথা বলতে দেখা গিয়েছে তাঁদের। এই জিনিস শীর্ষ নেতৃত্ব সমর্থন করছেন না। বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপই করল দল। শুক্রবার পাঁচজনকে শোকজ করা হয়েছে। তাঁদের প্রত্যেককে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য ডেরেক ও’ ব্রায়েন। শনিবারের মধ্যে তাঁদের উত্তর দিতে হবে। শোকজ লেটার পেয়েছেন কোহিনুর মজুমজার, ঋজু দত্ত, পাপিয়া ঘোষ, কার্তিক ঘোষ ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। চিঠিতে অভিযোগ করা হয়েছে, এই পাঁচজন দলের বিরুদ্ধে প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছেন, যা দল অনুমোদন করে না। এমন বিতর্কিত মন্তব্য কেন, তা তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে।
তৃণমূল সূত্রের খবর, এবার ওই পাঁচজনের পদক্ষেপ পর্যবেক্ষণ করবে দল। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাঁরা ছাড়াও একাধিক তৃণমূল নেতা দু-তিনদিন যাবৎ লাগাতার বিতর্কিত মন্তব্য করে চলেছেন। তাঁদের বক্তব্যও এখন দলের নজরে। তাঁদের বিরুদ্ধে আগামী দিনে আরো কড়া পদক্ষেপ করতে পারেন নেতৃত্ব। খবর তৃণমূল সূত্রের।