সংবাদদাতা, কাকদ্বীপ: শুক্রবার তখন সদ্য সন্ধ্যা নেমেছে। হঠাত্ই আকাশে দেখা গেল রহস্যময় আলোর ঝলকানি। যার জেরে উপকূল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার সময় অনেকেই বাজার, দোকানে বসেছিলেন। আকাশে এমন আলো দেখতে পেয়ে ক্যামেরাবন্দি করতে শুরু করেন। পথচারীরাও দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই আলোটি আকাশে মিলিয়ে যায়। শুধু উপকূল এলাকা নয়, কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও আকাশে আলো দেখা যাওয়ার খবর মিলেছে। কী কারণে এমন আলো দেখা গেল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শুভজিত্ দাস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছিলাম। আকাশও সেই সময় পরিষ্কার ছিল। হঠাত্ই দেখি আকাশে আগুনের গোলার মতো কিছু একটা এগিয়ে যাচ্ছে। সেটি যত এগিয়ে যাচ্ছিল, তার পিছনে লম্বা আলোর ঝলকানিও দেখা যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পরে আগুনের ওই গোলাটি আকাশে মিলিয়ে যায়। তবে, কীসের আলোর ঝলকানি তা বুঝে উঠতে পারিনি।’ ঘটনার পরেই চায়ের দোকান সহ বিভিন্ন জনবহুল জায়গায় এই নিয়ে জোরালো আলোচনা শুরু হয়ে যায়। কেউ দাবি করেন, এটি উল্কাপিণ্ড। তবে, অন্য একটি ব্যাখ্যাও রয়েছে। ডিআরডিও এবং বায়ুসেনা যৌথ উদ্যোগে ভারতের প্রথম গ্লাইড ওয়েপন পরীক্ষা করেছে। ওড়িশা উপকূলে জাগুয়ার ফাইটার জেট ‘তারা’ নামের এই অস্ত্র ছোড়া হয়। সেই অস্ত্র থেকেও এমন আলো ছড়াতে পারে বলে মনে করছেন অনেকে। তবে, এই পরীক্ষা বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। তা পিছিয়ে গিয়েছে কি না, তা সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। পিটিআই ও নিজস্ব চিত্র