• রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, প্রথম দশে ২১ পড়ুয়া
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে রামকৃষ্ণ মিশন বরাবরই নজর কাড়ে। এবছরও রাজ্যের মিশনগুলি থেকে মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ২১ কৃতী। এছাড়াও কয়েক নম্বরের জন্য প্রথম দশের তালিকায় স্থান না পাওয়া ছাত্রের সংখ্যাও একাধিক।

    নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ১৩৪ ছাত্র মাধ্যমিকে বসেছিল। প্রত্যেকেই ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ। সাতজন স্থান অর্জন করেছে। এখানে বাংলা ও ইংরেজি দুই মাধ্যমই আছে। তবে এবার স্থানাধিকারীদের প্রত্যেকেই বাংলা বিভাগের ছাত্র। সাতজন মেধাতালিকায় এলেও আরও তিন পড়ুয়া এক বা দুই নম্বরের জন্য স্থান অর্জন করতে পারেনি। রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছে সৌর জানা। সে জানিয়েছে, চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে। প্রধান শিক্ষক ইশতেশানন্দ মহারাজ বলেন, ‘অনেকেই র‍্যাংক পেয়েছে। আর কয়েকজন সামান্য কয়েকটি নম্বরের জন্য মেধাতালিকায় আসতে পারেনি।’

    রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল থেকে ২৪০ জন মাধ্যমিকে বসেছিল। ২৩৯ জন প্রথম বিভাগে উত্তীর্ণ। মেধাতালিকায় জায়গা পেয়েছে চারজন। সামান্য কয়েকটি নম্বরের জন্য প্রথম দশে স্থান পায়নি ১৩ জন। ৬৯২ নম্বর পেয়ে আদৃত গোস্বামী ষষ্ঠ স্থানে রয়েছে। অনীশ দাস সপ্তম স্থানে, সূর্যস্নাত বর্মন নবম স্থানে ও সৃজন দে সরকার দশম। প্রধান শিক্ষক স্বামী মুরলিধরানন্দ বলেন, ‘প্রথম দশে রয়েছে চারজন। ১০ থেকে ২০ র‌্যাংকের মধ্যে আছে আরও ১৩ জন। আমরা সার্বিক ফলাফলে খুশি।’

    পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে পরীক্ষা দিয়েছে ৯৬ জন। সাতজন মেধাতালিকায় জায়গা পেয়েছে। ৬৯১ নম্বর রাজ্যে সপ্তম অভিনব প্রতিহার। আরও ছ’জন ছাত্র স্থান করে নিয়েছে মেধাতালিকায়। ৯৬ পরীক্ষার্থীর মধ্যে সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ। প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দজী মহারাজ বলেন, ‘গতবার কেউ মেধাতালিকায় ছিল না। এবার ৭ জন আছে।  শৃঙ্খলা ও পরিশ্রমের ফলেই এই সাফল্য।’

    কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় থেকে ১৪১ জন বসেছিল মাধ্যমিকে। সৌমাল্য ঘোষ ৬৯০ নম্বর পেয়ে অষ্টম। সম্বর্ত বেতাল ৬৮৯ পেয়ে নবম স্থান দখল করেছে। পরীক্ষার্থীদের মধ্যে ৪৩ জন ৯০ শতাংশেরও বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ। ৮০ শতাংশ বা তারও বেশি পেয়েছে ৮৮ জন। ১০৪ জন ষ্টার পেয়েছে।

    আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অভিষেক দাস ৬৮৮ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে। অন্যদিকে দীর্ঘ চারবছর পর এবার মাধ্যমিকের প্রথম দশে জায়গা পেল না মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। এখানকার সর্বোচ্চ স্থানাধিকারী দৃষ্টি পাহান এবং সুপ্রিয় মণ্ডল। দু’জনই পেয়েছে ৬৮৫ নম্বর। ১৩৫ জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৮৬ জন ৯০ শতাংশ বা তার থেকে বেশি নম্বর পেয়েছে। 
  • Link to this news (বর্তমান)