নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের জেরে এবার কলকাতা সহ গোটা রাজ্যে বন্ধ হয়ে গেল কয়েকশো মা ক্যান্টিন! সরকারি সূত্রে খবর, অন্তত ৩৯২টি ক্যান্টিন গত কয়েকদিনে বন্ধ হয়েছে। ক্যান্টিন চালালে টাকা মিলবে কি না, সেই সংশয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও ক্যান্টিনগুলি বন্ধ করে দিয়েছে। শুধু কলকাতাতেই বন্ধ হয়েছে ৫২টি ক্যান্টিন। মা ক্যান্টিন থেকে থেকে পাঁচ টাকায় খাওয়াদাওয়া করেন গরিব মানুষেরা। ক্যান্টিন বন্ধ হওয়ার জেরে তাই ফুটপাতবাসী, গৃহহীনরা ক্ষতিগ্রস্ত।
মূলত আশঙ্কার জেরে এই পরিস্থিতি। নতুন সরকার পুরানো এই প্রকল্প চালাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। পুরসভার বক্তব্য, ক্যান্টিন বন্ধ করতে কেউ বলেনি। তবে খরচ করার পর পরবর্তীকালে নতুন সরকারের তরফে সেই অর্থ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়। সেই আশঙ্কায় অনেক স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও ক্যান্টিন চালাচ্ছে না।
উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাজেটে মা ক্যান্টিন চালুর কথা ঘোষণা করেনন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই ক্যান্টিন যথেষ্ট সাড়া ফেলেছে। শহরের একটি এনজিওর কর্তা বলেন, নতুন সরকার আমাদের বকেয়া টাকা বন্ধ করে দিতে পারে। তাই আপাতত ক্যান্টিন চালানো হচ্ছে না। পরে সরকারি আশ্বাস পেলে ফের ক্যান্টিন চালু করব।