নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার থেকে নতুনভাবে রাজনীতির ময়দানে নামছে তৃণমূল। রাজ্যজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালনের কর্মসূচি নিয়েছ তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নিজের বাড়ির চত্বরে রবীন্দ্র জয়ন্তী পালন করবেন। বিকাল ৪টা নাগাদ এই অনুষ্ঠান হবে। তৃণমূলের সাংস্কৃতিক শাখার সদস্যরা উপস্থিত থাকবেন সেখানে। দলীয় সূত্রে খবর, ভবানীপুরের তিনটি জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালনের অনুমতি চাওয়া হয়েছিল। একটি অরাজনৈতিক সংগঠনের নামে আবেদন করা হয়েছিল। কিন্তু দাবি, সেই আবেদনে পুলিশ সাড়া দেয়নি। তৃণমূল নেত্রী আগেই নির্দেশ দিয়েছেন, প্রত্যকটি জেলায় দলীয় কার্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করতে হবে। যেসব জায়গায় কার্যালয় ভাঙা হয়েছে, সেই জায়গায় কোনো মাঠ বা স্থানীয় তৃণমূল নেতার বাড়ির চত্বরে রবীন্দ্র জয়ন্তী পালন করতে। বস্তুত, বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বাংলার মানুষের স্বার্থে নতুন লড়াইয়ের শপথ নিতে চলেছে তৃণমূল। পাশাপাশি, দলের তরফে নেতাদের বলা হয়েছে, কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটলে সেদিকে নজর রাখতে হবে। দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে হবে।