• রাজ্যবাসীর ভরসা যেন না ভাঙে, সতর্কবার্তা শাহের
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপুল জনাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি আগামী পাঁচ বছর শাসন করবে বিজেপি। এই অবস্থায় হিন্দিভাষী দলের বদনাম ঘোচাতে সচেষ্ট হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শুভেন্দু অধিকারীকে ভাবী মুখ্যমন্ত্রী ঘোষণার পর শুক্রবার কনভেনশন সেন্টারে বাঙালির আরও কাছে আসতে চাইলেন অমিত শাহ। এদিন তিনি বলেন, ভারতে শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতির পীঠস্থান হল বাংলা। নবগঠিত বিজেপি সরকার পশ্চিমবঙ্গর সেই সত্ত্বাকে আরও এগিয়ে নিয়ে যাবে। পুনের ফিল্ম ইনস্টিটিউটের আদলে বাংলায় থিয়েটার নিয়ে বিশ্বমানের উৎকর্ষ কেন্দ্র তৈরি করব। থিয়েটারের সার্বিক উন্নয়নে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি শিক্ষা-সংস্কৃতি জগতের হৃত গৌরব ফেরাতে বিজেপি সরকার উদ্যোগী হবে বলেও জানিয়েছেন শাহ। একইসঙ্গে অমিত শাহের সাবধানবাণী, যে ভরসা রাজ্যবাসী বিজেপির উপর রেখেছে, তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে, যাতে রাজ্যের মানুষের ভরসা না ভাঙে। দলের জয়ী প্রার্থীদের উদ্দেশে তাঁর বার্তা, বাংলার মানুষের জন্য আমাদের সর্বস্ব উজাড় করে দিতে হবে।

    রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষাই এই সরকারের অগ্রাধিকার হবে। তিনি বলেন, মোদিজির গ্যারান্টি এবার রাজ্যবাসীর জন্য পূরণ করবে বিজেপি সরকার। শুভেন্দুর প্রতিজ্ঞা, মন্ত্রিসভা, বিধায়করা ও বিজেপি সরকার পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক চেতনা সম্পন্ন নাগরিকদের স্বার্থে একযোগে কাজ করবে। এটাই মন্ত্র হবে। স্বামীজির মন্ত্র— চরৈবেতি, চরৈবেতি, চরৈবেতি। মোদিজির আদর্শে বাংলাকে নতুন করে তৈরি করা হবে। মানুষের প্রত্যাশা পূরণে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করবে। এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। এবারের ভোটে বিজেপি ৪৬ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। এই জয়ের অন্যতম কারিগর শুভেন্দু। কীভাবে নতুন সরকার তার ইতিবাচক কাজের মাধ্যমে বিজেপির প্রতি মানুষের সমর্থন বাড়াবে, সেই পরিকল্পনার কথা শুনিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ৪৬ শতাংশে আটকে থাকব না। ইতিবাচক কাজ করে আগামী নির্বাচনে ৬০ শতাংশের বেশি মানুষকে সঙ্গে আনব আমরা।
  • Link to this news (বর্তমান)