• আজ জিতলেই শীর্ষে মোহন বাগান, কামিংসদের সামনে এফসি গোয়া, আপুইয়াকে নিয়ে ধোঁয়াশা
    বর্তমান | ০৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেল, পাম গাছে ঘেরা সবুজ গ্রাম ভারনা। লাল মাটির রাস্তা। ছোট্ট টিলাও রয়েছে। শান্ত, সাজানো এই শহরেই শুক্রবার গোয়া ম্যাচের প্রস্তুতি সারল মোহন বাগান। শনিবার বিকেল পাঁচটায় ম্যাচ। তাতেও গরম নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। পরিস্থিতির সঙ্গে মানাতে এদিন বিকেলেই দলকে অনুশীলন করালেন সের্গিও লোবেরা। তবে ওয়ার্ম-আপ, স্ট্রেচিং, হালকা প্র্যাকটিসের বেশি কিছু করাননি তিনি। আইএসএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্প্যানিশ কোচের মন্তব্য, ‘ঘরের মাঠে গোয়া নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও তৈরি। ফুটবলাররা মাঠে নামতে মুখিয়ে।’ অজি বিশ্বকাপার জেসন কামিংসও চনমনে। কলকাতা ছাড়ার আগে বলেছিলেন, ‘ম্যাচের গুরুত্ব অজানা নয়। দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিতে তৈরি।’

    শনিবারের মোহন বাগান বনাম গোয়া ম্যাচের দিকে সাগ্রহে তাকিয়ে ফুটবল মহল। লিগ টেবিলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট লোবেরা ব্রিগেডের। অন্যদিকে, দুই ম্যাচ বেশি খেলে গোয়ার সংগ্রহ ১৯ পয়েন্ট। মোহন বাগান পয়েন্ট খোয়ালে ইস্ট বেঙ্গলের লাভ। কারণ, এক ম্যাচ বেশি খেলে এই মুহূর্তে অস্কার ব্রিগেডের পকেটে ২১ পয়েন্ট। পাশাপাশি শনিবার দ্বিতীয় ম্যাচে জামশেদপুরের (২১) বিরুদ্ধে নামছে বেঙ্গালুরু (১৭)। কলকাতার দুই প্রধানকে তাড়া করছে তারা। তাই এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে প্রতিটা পয়েন্ট মূল্যবান। তবে মোহন বাগানের স্প্যানিশ কোচ এত ‘যদি’, ‘কিন্তু’ ভাবতে নারাজ। তাঁর অংক একটাই। গোয়াকে বশ মানিয়ে টেবিলের শীর্ষে পৌঁছাতে মরিয়া তিনি। আলবার্তো ও আপুইয়া আগের চেয়ে ফিট হওয়ার পর দল আরও চনমনে। এমনিতে পরিচিত ৪-২-৩-১ ফর্মেশনেই দল সাজান লোবেরা। অহেতুক পরীক্ষা-নিরীক্ষা পছন্দ নয় তাঁর। রক্ষণে দুই বিদেশি আলবার্তো ও আলড্রেডের সঙ্গী হতে পারেন অভিষেক ও শুভাশিস। মাঝমাঠে বক্স টু বক্স মিডিও হিসাবে অনিরুদ্ধ থাপা থাকছেনই। কিন্তু আপুয়াইয়াকে শুরু থেকে খেলানো নিয়ে অনিশ্চয়তা থাকছেই। মিজো মিডিও দীর্ঘদিন ম্যাচের মধ্যে নেই। তাঁর পক্ষে ৯০ মিনিট খেলা কঠিন। গোয়া রক্ষণকে রবারের মতো স্ট্রেচ করার দায়িত্ব লিস্টনের উপর। বাকি দুই স্লটে কারা? পেত্রাতোসের সঙ্গে লড়াই জারি রবসনের। পাশাপাশি সাহালকে প্রথম দলে খেলানো নিয়েও ধোঁয়াশা। যিনিই খেলুন, ম্যাকলারনকে বল ফিড করতে হবে। এফসি গোয়ারও প্রধান শক্তি মাঝমাঠ। ফেডারেশন নির্বাসিত করায় কোচ মানোলো মার্কুয়েজ ডাগ-আউটে বসতে পারবেন না। তবে তিনিই পরিকল্পনা সাজাচ্ছেন। নির্দিষ্ট শেপ মেনেই খেলতে অভ্যস্ত গোয়া। তার উপর সার্বিয়ান স্ট্রাইকার ড্র্যাজিক তাঁর প্রধান অস্ত্র। এদিন প্রথম দলে অনুশীলন করানো হয় তাঁকে। এছাড়াও ব্রাইসন, আবদুল রবির গতি ব্যবহার করে মোহন বাগানকে ধরাশায়ী করতে চায় এফসি গোয়া।
  • Link to this news (বর্তমান)