মর্মান্তিক দুর্ঘটনায় ঝাড়খণ্ডের গিরিডিতে মৃত্যু হলো ৪ জনের। ঘটনায় আরও ২০ জনের আহত হওয়ার খবর মিলেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডির ইসারি বাজার এলাকায়। জানা গিয়েছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি এবং দোকানে গিয়ে ধাক্কা মারে। পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় একটি ইসারি বাজার এলাকায় একটি ট্রাক দ্রুত গতিতে একাধিক গাড়িতে ধাক্কা মারে। এরপরেও থামেনি সেই ট্রাকটি। একাধিক দোকান ভেঙে এগিয়ে যায় ট্রাকটি। ঘটনায় গুরুতর আহত হন একাধিক মানুষ।
ঘটনার পরে দোকানের ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে যান বহু মানুষ। আতঙ্কে চিৎকার করতে থাকেন তাঁরা। স্থানীয়রা এগিয়ে এসে ভগ্নস্তূপ সরিয়ে আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশেও। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় ডুমরি থানার পুলিশ। দ্রুতগতিতে শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
দুর্ঘটনার বিষয়ে পুলিশের ডেপুটি কমিশনার রামনিবাস যাদব জানান, এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ট্রাকটিকেও আটক করেছে পুলিশ। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।