• তিনি ‘কমান্ডার’, তবু নিখুঁত ফিনিশিং এখনও অধরা থালাপতির, ক্লাইম্যাক্সের কোন টুইস্টে আটকে বিজয়ের সরকার গঠন?
    এই সময় | ০৯ মে ২০২৬
  • ব্লক ব্লাস্টার ‘গেম অফ থ্রোনস’-র ট্যুইস্টকেও হার মানাবে তামিলনাড়ুর রাজনীতির দফায় দফায় চিত্রনাট্য বদল। অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা সি জোসেফ বিজয়-এর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণে বাধা আসছে বার বার। শুক্রে TVK ম্যাজিক নম্বর ছুঁয়ে ফেলার দাবি করলেও শেষ মুহূর্তে জোট সমীকরণে একাধিক মোচড়ে ফের জটিল হয়ে ওঠে পরিস্থিতি। শনিবার সকাল পর্যন্ত রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনও সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাননি বিজয়কে।

    ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। নির্বাচনে TVK একাই ১০৮টি আসন জিতেছিল। তবে বিজয় দু’টি কেন্দ্র থেকে জয়ী হওয়ায় একটি আসন ছাড়তে হবে। ফলে কার্যকর সংখ্যা নেমে দাঁড়ায় ১০৭। এই কারণেই সরকার গঠনের জন্য অন্য দলগুলির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

    প্রথমে কংগ্রেস তাদের ৫ বিধায়কের সমর্থন ঘোষণা করে। এরপর CPI, CPM, VCK এবং IUML-ও TVK-কে সমর্থনের চিঠি দেয়। সেই হিসাব অনুযায়ী বিজয়ের শিবির দাবি করে যে তাদের সমর্থন সংখ্যা ১২০-এ পৌঁছে গিয়েছে। কিন্তু শুক্রবার গভীর রাতে পরিস্থিতি আবার বদলাতে শুরু করে। IUML শেষ মুহূর্তে তাদের অবস্থান ফের বদলায় এবং DMK-র সঙ্গেই থাকার ইঙ্গিত দিয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। একইসঙ্গে VCK-ও আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা থেকে পিছিয়ে আসে। সূত্রের খবর, VCK নেতা থোল থিরুমাভালাভনের জন্য উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করা হয়েছিল, কিন্তু TVK তা মানতে রাজি হয়নি। ফলে সমর্থনের অঙ্ক নিয়ে আবার ধোঁয়াশা তৈরি হয়।

    এখানেই শেষ নয়, শুক্রবার মধ্যরাতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা তুঙ্গে ওঠে AMMK বিধায়ক কামারাজের অভিযোগে। TTV দিনাকরণ অভিযোগ করেন, সেই চিঠি নকল। পরে TVK একটি ভিডিয়ো প্রকাশ করে যেখানে কামারাজকে সমর্থনের কথা বলতে দেখা যায় বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে পুলিশ অভিযোগও দায়ের হয়েছে।

    বর্তমানে সংখ্যার হিসাব নিয়ে দু’ধরনের দাবি সামনে এসেছে। TVK শিবির বলছে তাদের সঙ্গে ১২০ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে IUML ও VCK-র অবস্থান নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ায় কার্যকর সংখ্যা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র অনুযায়ী, নিশ্চিত সমর্থন ধরে TVK-র সংখ্যা এখন ১১৭ থেকে ১২০-এর মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার সীমারেখার একেবারে কাছেই রয়েছে বিজয়ের সরকার গঠনের স্বপ্ন। শুধু দরকার সমর্থনের সিলমোহর।

    এই পরিস্থিতিতে এখন সবার নজর রাজ্যপালের দিকে। যদি TVK স্পষ্টভাবে ১১৮-এর বেশি সমর্থনপত্র দেখাতে পারে, তা হলে খুব দ্রুতই বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার রাস্তা খুলে যেতে পারে। তবে মধ্যরাতের রাজনৈতিক নাটক প্রমাণ করে দিয়েছে, তামিলনাড়ুর সরকার গঠনে শেষ মুহূর্তের ট্যুইস্ট এখনও শেষ হয়নি।

  • Link to this news (এই সময়)