• ব্রিগেডে হাতে হাতে ঘুরছে ঝালমুড়ির ঠোঙা, কমলা রসগোল্লা, গেরুয়া সন্দেশ
    এই সময় | ০৯ মে ২০২৬
  • ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ২০টি ঝালমুড়ির স্টল। শনিবার সকাল থেকে সেই সব স্টলে নজরকাড়া ভিড়। হাতে হাতে ঘুরছে মশলামুড়ির ঠোঙা। ভোটপ্রচারে গিয়ে ঝাড়গ্রামে রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর থেকেই বঙ্গ রাজনীতির ঝালমুড়িতে কত রকমের মশলা যে পড়ল! আজ প্রথম বার বিজেপি বাংলায় যখন সরকার গঠন করতে চলেছে, শপথস্থল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখা গেল মশলামুড়ির স্টলের।

    মুড়ির সঙ্গে আমতেল, পেঁয়াজ, লঙ্কা, আদা, চানাচুর, নানা রকমের মশলা মাখিয়ে একেবারে জিভে জল আনা ঝালমুড়ি বানানো হচ্ছে সেই স্টলে। ঝালমুড়ি খাওয়ার সঙ্গে একেবারে কাড়াকাড়ি সকলের। মাঠের মাঝেও চলছে ঝালমুড়ি বানানো।

    পশ্চিমবঙ্গের অষ্টদশ বিধানসভা এটি। শুভেন্দু অধিকারী বাংলার নবম মুখ্যমন্ত্রী। বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দুই। তাঁরই কাঁধে বাংলার ভার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বিজেপির তাবড় নেতারা উপস্থিত সেখানে।

    সকাল থেকেই সেখানে রবীন্দ্রসঙ্গীত বাজছে। নানা রকমের মিষ্টির স্টল রয়েছে। পদ্ম সন্দেশ থেকে কমলা রসগোল্লা, কমলাভোগ, লাড্ডু, সাদা সন্দেশে পদ্মছাপ, শঙ্খ মিষ্টি থরে থরে সাজানো ট্রে-তে। ষোলো আনা বাঙালিয়ানায় মোড়া ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সেখানেই আজ শপথ নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)