• এক্স হ্যান্ডলে মমতা-অভিষেককে আনফলো করল লালবাজার
    এই সময় | ০৯ মে ২০২৬
  • রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স হ্যান্ডলে ‘আনফলো’ করে দিল কলকাতা পুলিশ। ঘটনাচক্রে, বিষয়টি সেই দিনই প্রকাশ্যে এল, যে দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।

    এক্স হ্যান্ডলে কলকাতা পুলিশ এখন যে সব অ্যাকাউন্ট ‘ফলো’ করে সেই তালিকায় রয়েছেন মোদী, শাহ এবং শুভেন্দু। শুভেন্দুর এক্স হ্যান্ডলের প্রোফাইলে শনিবার (৯ মে, ২০২৬) দুপুর সাড়ে ১২টা পর্যন্তও ‘রাজ্যের বিরোধী দলনেতা’ লেখা ছিল। তত ক্ষণে অবশ্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ফেলেছেন। অন্য দিকে, মমতার এক্স হ্যান্ডলে এখনও লেখা ‘মাননীয়া মুখ্যমন্ত্রী’। যদিও বৃহস্পতিবার রাতেই আগের বিধানসভা ভেঙে দিয়েছিলেন রাজ্যপাল আরএন রবি। ফলে তখন থেকেই মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    প্রসঙ্গত, গত ৪ মে বিধানসভা ভোটের ফলপ্রকাশের এক দিন পরেই মমতার বাড়ির সামনে থেকে নিরাপত্তার বহর কমিয়ে দিয়েছিল লালবাজার। যে রাস্তা ধরে মমতার বাড়িতে যেতে হয়, দীর্ঘ কয়েক বছর ধরেই নিরাপত্তার প্রয়োজনে সেখানে গার্ডরেল বসানো ছিল। সেই গার্ডরেলের নীচে পোক্ত চাকা লাগানো। সঙ্গে একটি ধাতব ট্র্যাক বা চ্যানেলও পাতা হয়েছিল রাস্তায়। প্রয়োজন মতো গার্ডরেল টেনে সরিয়ে দেওয়া হতো। প্রয়োজন মতো তা দিয়ে রাস্তা আটকে দিতেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ বা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। সেই সবই সরিয়ে ফেলা হয়েছে। নিরাপত্তার বহর কমানো হয়েছে অভিষেকের শান্তিনিকেতনের বাড়ি থেকেও।

    তবে পুলিশ সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে প্রোটোকল অনুযায়ী মমতার যতটা নিরাপত্তা পাওয়ার কথা, সেই নিরাপত্তা পাবেন তিনি। অভিষেকও সাংসদ হিসাবে প্রয়োজনীয় নিরাপত্তা পাবেন। তবে তার বেশি কিছু নয়। এ বার মমতা-অভিষেককে সমাজমাধ্যমেও আনফলো করল কলকাতা পুলিশ।

  • Link to this news (এই সময়)