আজকাল ওয়েবডেস্ক: বাংলায় প্রথম বিজেপি সরকারের মন্ত্রী হলেন অগ্নিমিত্রা পাল। শনিবার ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি শপথ নিলেন। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী ও তারপর মন্ত্রী পদে দিলীপ ঘোষের পর শপথ নেন অগ্নিমিত্রা।
অগ্নিমিত্রার লড়াইটা কিন্তু সহজ ছিল না। কেরিয়ারের শুরুতে ছিলেন ফ্যাশন ডিজাইনার। জন্ম ১৯৭৪ সালের ২৫ নভেম্বর। রাজনীতিতে আসেন ২০১৯ সালের মার্চ মাসে। যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। মাত্র সাত বছরেই তিনি হয়ে গেলেন বিজেপি সরকারের মন্ত্রী।
আসানসোলের এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অগ্নিমিত্রার বাবা ছিলেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ। পরিবারের ইচ্ছা ছিল তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন। এমনকি তিনি ডেন্টিস্ট পড়ার সুযোগও পেয়েছিলেন, কিন্তু গাইনোকোলজিস্ট হওয়ার লক্ষ্য পূরণ না হওয়ায় আসানসোল থেকে বোটানিতে স্নাতক সম্পন্ন করেন।
পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট পড়ার সময় ভর্তি হন বিড়লা ইনস্টিটিউট অফ লিবারাল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সে। সেখান থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা করার পর নব্বইয়ের দশকের শেষের দিকে তিনি হয়ে ওঠেন বাংলার অন্যতম সম্ভাবনাময় ডিজাইনার।
ফ্যাশন ডিজাইনার হিসেবে অগ্নিমিত্রা সবসময়ই বাংলার ঐতিহ্যবাহী কাঁথা শিল্প ও কারুকার্যকে প্রাধান্য দিয়েছেন। ২০০৭ সালের ল্যাকমে ফ্যাশন উইকে তিনি তার কাজ প্রদর্শন করেন। শ্রীদেবী, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তীর মতো বলিউড তারকাদের পোশাক ডিজাইন করেছেন তিনি। ১৯৯৭ সাল থেকে ইঙ্গা নামে নিজের ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করছেন অগ্নিমিত্রা। ছোট পরিসরে শুরু হওয়া এই প্রতিষ্ঠান পরে কলকাতার পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়।
আর ২০১৯ সালে আসেন রাজনীতিতে। ২০২০ সালেই পশ্চিমবঙ্গে বিজেপি মহিলা মোর্চার সভাপতি নির্বাচিত হন তিনি। সভাপতি হিসেবে তিনি রাজ্যের ২৩টি জেলা জুড়ে মহিলাদের জন্য ‘উমা’ নামে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিলেন। এরপর ২০২১ সালের ২২ ডিসেম্বর, তিনি পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
ভোটে প্রথম লড়া ২০২১ সালে। সেবার বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে তিনি হারিয়েছিলেন তৃণমূলের সায়নী ঘোষকে। এরপর ২০২২ সালে লোকসভা উপনির্বাচনে আসনসোল কেন্দ্র থেকে তিনি লড়াই করলেও হেরে যান। এরপর ২০২৪ সালে ফের লোকসভা ভোটে দাঁড়ান। কিন্তু মেদিনীপুর কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন। কিন্তু রাজনীতির লড়াই থেকে তিনি সরে যাননি। ফলস্বরূপ ২০২৬ সালের জানু্য়ারিতে পশ্চিমবঙ্গ বিজেপির সহ সভাপতি নিযুক্ত হন। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তিনি ফের জেতেন। জয় আসে ৪০ হাজারেরও বেশি ভোটে। আর এবার হয়ে গেলেন মন্ত্রী।