আজকাল ওয়েবডেস্ক: তিনি হারেরনি, বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর দাবি করেছিলেন মমতা ব্যানার্জি। এমনকি মুখ্যমন্ত্রী পদ থেকেও ইস্তফা দিতে অস্বীকার করেন তৃণমূল সুপ্রিমো। ঘটনার পর প্রায় চার দিন অতিক্রান্ত। ইতিমধ্যেই মমতা মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। শনিবার বেলায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-সহ দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নিয়েছেন আরও পাঁচ মন্ত্রীও। এসবের মধ্যেই নজরে পড়ে মমতা ব্যানার্জির 'এক্স' বায়োতে বদল। প্রশ্ন হল, তাহলে কী শেষ পর্যন্ত নির্বাচনী পরাজয় মেনে নিলেন মমতা ব্যানার্জি?
মমতার 'এক্স' বায়োতে কী বদল?
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তাঁর 'এক্স' অ্যাকাউন্টের বায়ো বা পরিচিতি অংশে পরিবর্তন এনেছেন। তিনি এখন তাঁর বায়োতে লিখেছেন- "প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬তম এবং ১৭তম বিধানসভা)।" অর্থাৎ, মমতা ব্যানার্জি যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তা স্পষ্ট করেছেন তিনি নিজেই।
এর আগে তৃণমূল নেত্রীর বায়োতে লেখা ছিল—"প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ।"
কলকাতা পুলিশের কী পদক্ষেপ?
এছাড়া, এক্স অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে 'আনফলো' করেছে কলকাতা পুলিশ। তার পরিবর্তে কলকাতা পুলিশের তরফে ফলো করা হয়েছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর কার্যালয়কে। এছাড়া ফলো করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর দপ্তরকেও।
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার পরেই এই বড় পদক্ষেপ করল লালবাজার।