• মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমান কত?
    আজকাল | ০৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিধায়ক শুভেন্দু অধিকারী। নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বাংলার বহু বিধায়কের সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকারও বেশি। বিজেপি ও তৃণমূল কংগ্রেস— দুই প্রধান দলের একাধিক বিধায়ক রয়েছেন ‘কোটিপতি’ তালিকায়। তবে চমকের বিষয়, শুভেন্দু অধিকারী নিজে কিন্তু রাজ্যের ধনীতম বিধায়কদের তালিকায় নেই।

    নির্বাচনী হলফনামা অনুযায়ী, পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী বিধায়ক হলেন বিজেপির  দিলীপ সাহা। মুর্শিদাবাদের নবগ্রাম (তপশিলি জাতি) কেন্দ্রের এই বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৩.০৩ কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তি রয়েছে ১৬.৫৮ কোটি টাকার এবং স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২৬.৪৫ কোটি টাকা।

    দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাভেদ আহমেদ খান। কসবা কেন্দ্রের এই বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ ৩৯.৫৩ কোটি টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ১৫ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তি ২৪.৫৩ কোটি টাকার বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

    তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূলেরই বায়রণ বিশ্বাস। মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের এই বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩.৪২ কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে, এই তিন বিধায়কই তাঁদের হলফনামায় প্যান নম্বরের তথ্য জমা দিয়েছেন।

    অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৫.৮৭ লক্ষ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তি রয়েছে ২৪.৫৭ লক্ষ টাকার এবং স্থাবর সম্পত্তির মূল্য ৬১.৩০ লক্ষ টাকা।

    শুভেন্দু অধিকারীর হলফনামার আরও কিছু তথ্য বিশেষভাবে নজর কেড়েছে। তিনি জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ১২ হাজার টাকা। কোনও ব্যক্তিগত গাড়ি বা অন্য যানবাহন তাঁর নামে নেই বলেও উল্লেখ করা হয়েছে। এমনকি গয়নার ঘরেও তিনি ‘শূন্য’ উল্লেখ করেছেন।

    এবারের বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের আর্থিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গিয়েছে, মোট ২৯২ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ১৭৮ জন অর্থাৎ প্রায় ৬১ শতাংশ কোটিপতি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই হার ছিল ৫৪ শতাংশ।

    দলভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিজেপির ২০৬ জন জয়ী বিধায়কের মধ্যে ১১৪ জন কোটিপতি। তৃণমূল কংগ্রেসের ৮০ জন জয়ী প্রার্থীর মধ্যে ৫৯ জনের সম্পত্তি এক কোটির বেশি। এছাড়া কংগ্রেস, সিপিএম এবং আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থীদের প্রায় সকলেই কোটিপতি তালিকায় রয়েছেন।

    মোট হিসেবে পশ্চিমবঙ্গের ২৯২ জন জয়ী বিধায়কের সম্পদের পরিমাণ প্রায় ১,০৯১ কোটি টাকা। গড়ে প্রতিটি বিধায়কের সম্পত্তির পরিমাণ ৩.৭৩ কোটি টাকা, যা ২০২১ সালের তুলনায় অনেকটাই বেশি। রাজনৈতিক মহলের মতে, বাংলার রাজনীতিতে অর্থশক্তির প্রভাব যে ক্রমশ বাড়ছে, এই পরিসংখ্যান তারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
  • Link to this news (আজকাল)