• বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম হ্যান্ডল, আপের মামলায় কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট
    প্রতিদিন | ০৯ মে ২০২৬
  • আম আদমি পার্টির গুজরাত শাখার ইনস্টাগ্রাম হ্যান্ডল এবং ফেসবুক পেজ বন্ধ করার বিরুদ্ধে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিস জারি করেছে। আপ-এর আবেদনের জবাব দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়ে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই আবেদনটিকে একই ধরনের বিষয় নিয়ে করা অন্যান্য আবেদনের সঙ্গে যুক্ত করেছে। যেখানে ব্যবহারকারীকে নোটিস না দিয়ে সোশাল মিডিয়া অ্যাকাউন্ট/পোস্ট ব্লক করার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে।

    আম আদমি পার্টির সিনিয়র আইনজীবী শাদান ফারাসাত বেঞ্চকে বলেন, “আজ আমার পোর্টালটি বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যে আমাকে হয়তো কিছু একটা পোস্ট করতে হতে পারে।” অন্যদিকে মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কেন্দ্রকে নোটিস পাঠানোর প্রয়োজন নেই। নির্দেশের অনুলিপি সরাসরি তাঁর দপ্তরে পাঠিয়ে দিলে চলবে।

    তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯ক সরকারকে নির্দিষ্ট শর্তাধীনে অনলাইন তথ্যে জনসাধারণের প্রবেশাধিকার রুদ্ধ করার ক্ষমতা প্রদান করে। যেমন, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা অথবা এই সকল কারণ সম্পর্কিত কোনও অপরাধের ক্ষেত্রে সম্ভাব্য প্ররোচনা প্রতিরোধের জন্য। 
  • Link to this news (প্রতিদিন)