• কলেজে বোরখা বিতর্কে বিজেপির গান্ধীগিরি, থানায় গিয়ে ক্ষমা চাইলেন সমর্থক
    প্রতিদিন | ০৯ মে ২০২৬
  • বোরখা পরে আসা যাবে না কলেজে! হাওড়ার এক কলেজে এমনই ‘ফতোয়া’ হুমকি দিয়েছিলেন এক বিজেপি সমর্থক। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ওই বিতর্কে এবার বিজেপির গান্ধীগিরি। শেষপর্যন্ত থানায় গিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ওই যুবক।

    ঘটনাটি হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে। এরপরই ডোমজুড়ের ওই কলেজের সামনে জড়ো হয়েছিলেন জনা কয়েকজন। তাঁদেরই মধ্যে এক বিজেপি সমর্থক ওই হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজে এই পোশাক ‘ফতোয়া’ বিতর্ক সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই ধরনের বক্তব্য বরদাস্ত নয় বলে জোরালো দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-ও ঘটনার তীব্র নিন্দা করেছিল। শেষপর্যন্ত থানায় গিয়ে অভিযুক্ত ক্ষমা চেয়েছেন।

    ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক বিজেপি সমর্থক কলেজের সামনে দাঁড়িয়ে বলছেন, ‘‘কলেজে কোনও বোরখা পরে আসা যাবে না। এটা কলেজ, মাদ্রাসা নয়।’’ ভিডিওটি সামনে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় বিভিন্ন মহলে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। অনেকেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন। আজাদ হিন্দ কলেজের অধ্যাপক সুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করা হবে না। আমরা পড়ুয়া ও অভিভাবকদের আশ্বস্ত করেছি।’’

    এদিকে ডোমজুড় থানায় গিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান অভিযুক্ত ওই বিজেপি সমর্থক। বিজেপির ওই সমর্থকের দাবি, ‘‘উত্তেজনার বশে কথাগুলো বলে ফেলেছিলাম। আমি বিজেপির সক্রিয় কর্মী নই, একজন সমর্থক মাত্র। এভাবে বলা উচিত হয়নি।’’ ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-ও। সংগঠনের হাওড়া সদরের যুগ্ম সম্পাদক রাজ সরকার বলেন, ‘‘সব ধর্মের পড়ুয়াদের জন্যই কলেজ মুক্ত অঙ্গন। কোনও ধর্মের পোশাক নিয়ে ফতোয়া জারি করা যায় না। পড়ুয়ারা নিশ্চিন্তে কলেজে আসবে।’’ পুলিশও জানিয়েছে, বিষয়টি নিয়ে যাতে কোনও বিভ্রান্তি বা গুজব না ছড়ায়, সে ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)