• মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপদেষ্টা প্রাক্তন IAS সুব্রত গুপ্ত, পার্সোনাল সেক্রেটারি শান্তনু বালা
    এই সময় | ০৯ মে ২০২৬
  • শনিবার শপথ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথের কয়েকঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর নতুন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ করা হলো। আইএএস শান্তনু বালা হলেন শুভেন্দু অধিকারীর নতুন পার্সোনাল সেক্রেটারি। অন্য দিকে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত হলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। উল্লেখ্য, সুব্রত গুপ্ত রাজ্যের বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।

    গত বছরের অক্টোবরে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হয়। সেই সময়েই সুব্রতকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এসআইআরের কাজে বিশেষ পর্যবেক্ষক হিসেবে তাঁর ভূমিকায় কমিশন সন্তুষ্ট হয়। তাঁকে রাজ্যের বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছিল।

    শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি হওয়ার আগে শান্তনু বালা ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে। ২০১৭ সালের ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালা। এর আগে কোচবিহার ও মুর্শিদাবাদ জেলার এডিএম পদে ছিলেন তিনি।

    উল্লেখ্য, রাজ্যে নির্বাচন ঘোষণার পরেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছিল নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। সরকার গঠনের পরে এই দু’টি পদে পরিবর্তন হবে কি না তা জল্পনা রয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা হয়নি। শুক্রবার নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে পারে ওই দিন।

  • Link to this news (এই সময়)