• রবীন্দ্র জয়ন্তী পালনের সঙ্গেই শপথের আনন্দ
    আজকাল | ১০ মে ২০২৬
  • মিল্টন সেন,হুগলি: মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। চলল লাড্ডু এবং ঝালমুড়ি বিলি। বাজল রবীন্দ্র সঙ্গীত। বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হল শপথগ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই হুগলির প্রশাসনিক দপ্তরের বাইরে লাগানো হল মুখ্যমন্ত্রীর ছবি। রাজ্যে প্রথম গঠন হল বিজেপির সরকার।

    সকাল থেকেই হুগলি জেলা জুড়ে উৎসবের মেজাজ। বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে ছিল চরম উন্মাদনা। বড় বড় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে দেখানো হল শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার। পথ চলতি মানুষের মধ্যে বিলি করা হল ঝালমুড়ি ও লাড্ডু। ব্যান্ডেল কোদালিয়া মোড়, চুঁচুড়া জোড়াঘাট, শ্রীরামপুর, গোঘাট, আরামবাগ সহ গোটা জেলা জুড়ে উৎসবের আনন্দ।

    শনিবার শপথ গ্রহণের দিন জেলা বিজেপির তরফে হুগলির একাধিক জায়গায় বিনামূল্যে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করার ব্যবস্থা করা হয়। একইসঙ্গে ২৫শে বৈশাখ উপলক্ষে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষে সকাল থেকেই  মানুষ ছিল কলকাতা মুখী। ব্যাপক ভিড় ছিল বাসে,ট্রেনে। প্রায় সকলেরই গন্তব্য ছিল কলকাতার ব্রিগেড ময়দান। বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।

    এদিন বিজেপির তরফে জানানো হয়, বাংলায় পরিবর্তন হয়েছে। মানুষ খুশি। এদিন শপথ গ্রহণের দিন। বিজেপি কর্মী সমর্থকরা ভীষণ আনন্দিত।  চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জি বলেছেন, এদিন যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, পাশাপাশি এদিন রাজ্যে বিজেপি সরকার গঠন হচ্ছে। তাই এটা বাংলার একটা ঐতিহাসিক দিন। চুঁচুড়ার বন্দেমাতরম ভাবনটিও ঐতিহাসিক ক্ষেত্র। তাই এখান থেকে টিভি লাগিয়ে সরাসরি লাইভ সম্প্রচার দেখানো হল সাধারন মানুষকে। একইসঙ্গে চলেছে লাড্ডু বিলি। বিজেপি নেতা রাজীব নাগ বলেছেন, সকলে খুশি ও আনন্দিত। এটা দীর্ঘ লড়াইয়ের ফল।
  • Link to this news (আজকাল)