• 'আগে দল সামলান', মমতার ডাকে সাড়া দিচ্ছে না CPIM, লিবারেশন ও কংগ্রেস
    আজ তক | ১০ মে ২০২৬
  • BJP বিরোধী লড়াইয়ে বাম, অতিবাম দলগুলিকে সঙ্গে চাইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের বাড়ির সামনে গুটিকয়েক নেতা এবং দলীয় সমর্থকদের নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করলেন তিনি। সেখানেই তাঁর আহ্বান BJP-র বিরুদ্ধে লড়তে বাম, অতিবাম দলগুলির সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম তৈরি করা হোক। এই প্রস্তাব শুনে কী বলছেন CPIM, CPIM(L) নেতারা? 

    কী আহ্বান মমতার? 
    মমতা এ দিন বলেন, ‘যাঁরা BJP-র বিরুদ্ধে লড়বেন, এমনকী বামেরা, আমার কোনও ইগো নেই। বাম থেকে অতিবাম সবাইকে নিয়ে বাংলায় জোট বেঁধে লড়াই করতে পারি। দিল্লিতে লড়াই করছি, এখানেও করব।’ শুধু রাজনৈতিক দলই নয়, সব BJP-বিরোধী ছাত্র সংগঠনকে এই লড়াইয়ে পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ে আসার জন্য ডাক দিয়েছেন NGO, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও।

    বামেদের প্রতিক্রিয়া 
    CPIM নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 'এটি হচ্ছে আরও একটি অপকৌশল। ঠিক এইরকম অপকৌশলের মাধ্যমে কিছু বিভ্রান্ত হওয়া তথাকথিত প্রগতিশীল বামপন্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে RSS-এর জমি শক্ত করেছিল, তার পরিণতি হচ্ছে এটা। আজকে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তাঁর দল উঠে যাচ্ছে। আর এই সময়ে বামপন্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। সেই প্রতিবাদ আরও নির্বিষ করার জন্য ওঁর এই প্রস্তাব। এই প্রস্তাবে যদি কেউ সাড়া দেন তাহলে বুঝতে হবে রাজনৈতিক বিষয় সম্পর্কে তাঁদের কোনও ধারণাই নেই।' বিকাশের আরও সংযোজন, 'যত দ্রুত মমতার মতো রাজনীতিবিদদের বর্জন করে এগিয়ে চলা যাবে, ততই BJP-র বিরুদ্ধে লড়ই শক্তিশালী হবে। মমতা কখনওই BJP-র বিরুদ্ধে ছিলেন না। ওঁর তো নিজের বুদ্ধি নেই, নিশ্চয়ই কোনও পরামর্শদাতা এই বুদ্ধি দিয়েছে। দেখছেন যে ফাঁকা জমি, বামপন্থীরা যাতে সেখানে ঢুকে না যায়, তাই এই চেষ্টা। উনি নির্লজ্জ। RSS-এর বিরুদ্ধে লড়াইয়ে ওঁর সঙ্গে জোটের কোনও প্রশ্নই ওঠে না। উনি কে! একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, ওঁর সঙ্গে তো সাধারণ মানুষেরই যোগাযোগ রাখা উচিত নয়।'

    কী বলছে CPIM(L)?
    মমতার মন্তব্য প্রসঙ্গে CPIM(L) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, 'গোটা দেশ জুড়ে BJP বিরোধী একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে, INDIA। সেই জোটে আমরাও আছি, উনিও আছেন। পশ্চিমবঙ্গেও BJP-র বিরুদ্ধে নিজেদের মতো করে সকলেই আন্দোলন করছে। এই মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের দল সামলান। আমরা বামপন্থার পুনর্জাগরণের জন্য কাজ করছি। আমরা রাস্তায় আছি।'

    কংগ্রেস বলছে...

    দলের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, 'ঠেলায় পড়লে এখন বাম কংগ্রেসকে মনে পড়ছে! এখন আর কংগ্রেস পচা ডোবা নয়, এখন সবাইকে ওঁর মনে পড়ে গিয়েছে। BJP-কে আমন্ত্রণ জানিয়ে পশ্চিমবঙ্গে উনি এনেছেন, তারপর তাদের হাতেই গদিচ্যুত হলেন। এখন হেরে গিয়ে রাহুল গান্ধীর কথা মনে পড়ছে! অত্যন্ত নির্লজ্জ আহ্বান। আমার মনে হয়, এই ডাকে কারও সাড়া দেওয়া উচিত নয়। বাংলার মানুষ ওঁর কোনও ট্যাবলেট গেলেনি, বাংলার মানুষ ওঁর ভুল বোঝানো প্রত্যাখ্যান করেছে। একজন স্বার্থান্বেষী রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কংগ্রেসের সঙ্গে প্রথম দিন থেকে বেইমানি করেছেন। কোনও ধর্মনিরপেক্ষ দলের ওঁর ডাকে সাড়া দেওয়া উচিত নয়। ওঁর লড়াই ওঁকে নিজেকে লড়তে হবে। তাতে যদি ওঁর দল বাঁচে বাঁচবে, না বাঁচে না বাঁচবে।'

     
  • Link to this news (আজ তক)