ছাদের পদ্মফুল দেখেই মা গায়েত্রী দেবী বুঝেছিলেন, ‘এ বার পদ্ম আসছে’
দৈনিক স্টেটসম্যান | ১০ মে ২০২৬
শান্তিকুঞ্জের ছাদে কয়েক দিন আগেই ফুটেছিল বড় বড় পদ্মফুল। সেই দৃশ্য দেখেই নাকি শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী বুঝে গিয়েছিলেন, এ বার রাজ্যে ‘পদ্ম’ ফুটবেই। শেষ পর্যন্ত তাঁর সেই বিশ্বাসই সত্যি হয়েছে। বিজেপির ঐতিহাসিক জয়ের পর শুভেন্দু অধিকারী এখন বাংলার নতুন মুখ্যমন্ত্রী।
শনিবার শপথের দিন কাঁথির শান্তিকুঞ্জে ছিল উৎসবের আবহ। ছেলের রাজনৈতিক সাফল্যের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন গায়ত্রী দেবী। মৃদু হেসে তিনি বলেন, ‘ছাদে গিয়ে দেখুন এত্ত বড় বড় পদ্মফুল ফুটেছিল। তখনই বুঝেছি এ বার পদ্ম আসছেই।’
তবে বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে তিনি এখনও সেই সাধারণ ছেলেই মনে করেন, যে ছোটবেলায় শাবল আর বালতি নিয়ে বাগানে ঘুরে বেড়াত। গায়ত্রী দেবী জানান, মাধ্যমিক পর্যন্ত শুভেন্দু ছিলেন ভীষণ ঘরকুনো। বাড়ির বাগানেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন। ফুলকপি, বেগুন, লঙ্কা, শাক, টমেটো— নানা গাছের পরিচর্যা করতে খুব ভালোবাসতেন তিনি।
মায়ের কথায়, মুখ্যমন্ত্রী হলেও শুভেন্দুর জীবনযাপন এখনও অত্যন্ত সাধারণ। গরমের দিনে তাঁর সবচেয়ে প্রিয় খাবার পান্তাভাত। রাতে জল ঢালা ভাতের সঙ্গে আলুভাজা, মাছভাজা বা ডিমের অমলেট পেলেই খুশি হয়ে যান তিনি।
ছোট থেকেই শুভেন্দু অত্যন্ত ধর্মপ্রাণ বলেও জানিয়েছেন গায়ত্রী দেবী। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত শুভেন্দু নিয়মিত মিশনে যেতেন এবং সাধু-সন্তদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ছিল।