২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ঘিরে শনিবার সকাল থেকেই উৎসবের আবহ ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। শহর থেকে জেলা– সর্বত্র রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করেন মানুষ। বিশেষভাবে সেজে ওঠে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সেখানে গিয়ে শনিবার সকালে কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল আর এন রবি।
রাজ্যপাল বলেন, ‘রবীন্দ্রনাথের আদর্শ, মানবিকতা ও স্বাধীন চিন্তার বাণী আজও দেশকে পথ দেখায়।’ তাঁর মতে, যুবসমাজ কবিগুরুর ভাবনায় অনুপ্রাণিত হয়ে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলা গড়ে তুলতে পারে। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষও জোড়াসাঁকোয় গিয়ে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
অন্যদিকে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও ছিল বিশেষ আয়োজন।
রবীন্দ্রজয়ন্তীর দিনেই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু দু’জনেই কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর শপথগ্রহণ অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো পৌঁছন। এরপর সেখানে কবিগুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।