• ইডির হাতে গ্রেপ্তার আপ মন্ত্রী সঞ্জীব অরোরা, বাংলার পর এবার পাঞ্জাব দখলের পোস্টার বিজেপির
    প্রতিদিন | ১০ মে ২০২৬
  • আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে বিরাট অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির। বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হল রাজ্যের শিল্প ও বিদ্যুৎ মন্ত্রী সঞ্জীব অরোরাকে। অন্তত ১০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগের তদন্তে নেমে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের মাঝেই গোটা পাঞ্জাব জুড়ে পোস্টার পড়েছে বিজেপির। যেখানে বলা হয়েছে, ‘বাংলার পর এবার নজর পাঞ্জাবে।’

    মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ভুয়ো জিএসটি ইনভয়েসের মাধ্যমে আর্থিক দুর্নীতি করেছেন তিনি। ১০০ কোটিরও বেশি টাকার মোবাইল ফোন কেনাবেচার নামে জাল লেনদেন দেখানো হয়েছে। একই সঙ্গে ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট তৈরির অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় অর্থ পাচার প্রতিরোধ আইন বা PMLA-র আওতায় চণ্ডীগড়, দিল্লি এবং গুরুগ্রামের মোট পাঁচটি জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে চণ্ডীগড়ের সেক্টর-২ এলাকায় সঞ্জীবের বাসভবন, গুরুগ্রামে তাঁর রিয়েল স্টেট সংস্থার অফিসেও। তল্লাশি অভিযানের পর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মন্ত্রীকে।

    ইডির সন্দেহ, বিরাট অঙ্কের আর্থিক জালিয়াতির মাধ্যমে দুবাই-সহ বহু বিদেশি উৎস থেকে টাকার লেনদেন এবং ‘রাউন্ড ট্রিপিং’-এর মতো আর্থিক কারসাজিও হয়েছে। তল্লাশিতে উদ্ধার করা হয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি এবং আর্থিক লেনদেনের তথ্য। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে ইডির তরফে। এদিকে মন্ত্রীর গ্রেপ্তারির ঘটনায় কেন্দ্রের মোদি সরকার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে আপ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে।

    একদিকে যখন আপ মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিকে তখন চণ্ডীগড়ে বিজেপির দলীয় অফিসে বিরাট পোস্টার পড়েছে। যেখানে লেখা, বাংলা বিজেপিকে সেবা করার সুযোগ দিয়েছে, এখন পাঞ্জাবের পালা। পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দেওয়া রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বিরাট পোস্টার লাগানো হয়েছে বিজেপির দলীয় অফিসে। শুক্রবার বিজেপির দলীয় অফিসে এই পোস্টারের পর শনিবার মন্ত্রীর গ্রেপ্তারির মধ্যে রাজনৈতির যোগ দেখছে আপ।
  • Link to this news (প্রতিদিন)