• দিল্লিতে ভয়ংকর সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র! ৯ জঙ্গি গ্রেপ্তারের পর হাই অ্যালার্ট রাজধানীতে
    প্রতিদিন | ১০ মে ২০২৬
  • দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক! গোয়েন্দা বিভাগের তরফে এই রিপোর্ট সামনে আসার পর হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা রাজধানীতে। রিপোর্টে দাবি করা হয়েছে, দিল্লির একাধিক জায়গায় আইইডি বিস্ফোরণের ছক কষেছে আইএসআই মদতপুষ্ট পাক জঙ্গিরা। সম্প্রতি, শাহজাদ ভট্টি মডিউল-এর ৯ জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এরপর সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের রিপোর্ট সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজধানীতে।

    সূত্রের খবর, গোয়েন্দা সংস্থাগুলির তরফে সতর্ক করে বলা হয়েছে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আইইডি হামলার ষড়যন্ত্র করেছে জঙ্গিরা। আত্মঘাতী হামলার পাশাপাশি গাড়িতে বিস্ফোরণ অথবা গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যার ছক কষেছে সন্ত্রাসীরা। রিপোর্টের ভিত্তিতে দিল্লি পুলিশের তরফে স্পর্শকাতর ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক জায়গায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। বিজেপির সদর দপ্তর-সহ নানা জায়গায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বসানো হয়েছে ব্যারিকেড। গোয়েন্দা রিপোর্ট জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থানগুলির পাশাপাশি জঙ্গিরা নিশানা করতে পারে নিরাপত্তাবাহিনীকেও।

    সম্প্রতি দিল্লি পুলিশের তৎপরতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ‘পাক-সমর্থিত’ গোষ্ঠী শাহজাদ ভট্টি মডিউল-এর ৯ জঙ্গিকে। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রও। তদন্তকারীরা জানতে পেরেছেন যে অভিযুক্তদের মধ্যে একজন দিল্লির একটি ঐতিহাসিক মন্দির রেকি করে। সোশাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের কাছে মন্দির এবং মন্দির চত্বরের ছবি পাঠায় সে। ওই মন্দিরে মোতায়েন পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপর হামলার পরিকল্পনাও করে ফেলেছিল জঙ্গিরা। এছাড়াও দিল্লি-সোনীপত হাইওয়ের একটি জনপ্রিয় ধাবায় জঙ্গিহানার ছক কষা হয়েছিল। যেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ খাওয়াদাওয়া করতে আসেন। লক্ষ্য ছিল মুম্বই হামলার মতো বহু মানুষের হত্যা।

    ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছ থেকে দিল্লি-সহ উত্তর ভারতের একধিক রাজ্যের সংবেদনশীল জায়গায় ছবি এবং তথ্য উদ্ধার হয়েছে। ওই ছবি ও তথ্য মিলিছে ধৃতদের মোবাইল এবং ইলেকট্রনিক গ্যাজেটসে। হরিয়ানার হিসার এলাকার একটি সেনা ছাউনির ছবি ও ভিডিও মিলেছে ধৃতদের কাছে। উত্তরপ্রদেশের বেশ কিছু থানাও ছিল ‘টার্গেট লিস্টে’। যদিও পুলিশের তৎপরতায় আপাতত ষড়যন্ত্র বানচাল হয়ে গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কোথায় কোথায় হামলার পরিকল্পনা ছিল জানার চেষ্টা করছে পুলিশ। গ্যাংয়ের আর কেউ অধরা রয়েছেন কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই পরিস্থিতির মাঝেই এবার জঙ্গি হামলার সতর্কতা জারি হল দিল্লিতে।
  • Link to this news (প্রতিদিন)