রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে রাজনৈতিক পটভূমি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলা শাসনের অধিকারী এখন শুভেন্দু। এদিকে শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে শপথ গ্রহণের দিনই কলকাতা পুরসভায় বেসুরো হাওয়া। শনিবার কলকাতা পুরসভার জোড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র ফিরহাদ হাকিম। কারণ নিয়ে ধন্দে পুরসভার কর্মীরাই।
ওয়ার্ডভিত্তিক পুরসভার কাজের ক্ষেত্রে একাধিক নির্দেশ দেওয়ার জন্য কর্মীদের নিয়ে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে মেয়রের। পুরসভা সূত্রে খবর, তেমনই দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শনিবার সকালেই লেফট হয়েছেন মেয়র। ওই গ্রুপে কর্মীরা থাকা সত্ত্বেও কেন মেয়র গ্রুপ ছাড়লেন, তা নিয়ে প্রশ্ন ঘুরছে পুরসভার অন্দরে। যদিও এবিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলার বিজেপির পরিবর্তনের ঝড় উঠতেই কার্যত বদলে গিয়েছে সমীকরণ। প্রসঙ্গত, কলকাতার ১০০ বেশি ওয়ার্ডে পরাজিত তৃণমূল কংগ্রেস। উত্তরের সিঁথি থেকে দক্ষিণে জোকা, টালিগঞ্জ, গড়িয়া-সর্বত্রই একই ছবি। ভোটাররা তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিশ্রুতি বা কথা না শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির প্রতি আস্থা রেখে ব্যাপকহারে দলবেঁধে পদ্মফুলে বোতাম টিপেছেন। নির্বাচনী স্বাভাবিক নিয়মে এবছরের ডিসেম্বরেই কলকাতায় পুরভোট হওয়ার কথা। তবে চাইলে নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্য সরকার পুরবোর্ড ভেঙে দিয়ে আগেও পুরনির্বাচন করতে পারে। এই আবহে বাংলায় নতুন সরকারের শপথগ্রহণের দিনেই মেয়রের গ্রুপ ত্যাগ নিয়ে একাধিক কানাঘুষো চলছে পুরসভার অন্দরমহলে।