• দিলীপজায়াকে ‘ম্যাডাম মিনিস্টার’ সম্বোধন শুভেন্দুর! ‘বদনাম ঘুচল’, কেন বললেন রিঙ্কু?
    প্রতিদিন | ১০ মে ২০২৬
  • বিয়ের পর থেকে রাজনীতিতে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন বলে রাজনীতিতে জল্পনা ছড়িয়েছিল। বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সেই দিলীপ ঘোষ ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার বলেন, এতদিনে ‘বদনাম ঘুচল’। তিনি জানান, শপথের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে ‘ম্যাডাম মিনিস্টার’ বলে সম্বোধন করেছেন। এই ডাকে রিঙ্কু খুবই আপ্লুত। শনিবার শপথ অনুষ্ঠানের পরেই শুভেন্দুর সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানান রিঙ্কু।

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর শনিবার ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এছাড়াও দিলীপ ঘোষ-সহ পাঁচ জন মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। এবিষয়ে দিলীপ-পত্নী রিঙ্কু মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিয়ের পর থেকে গত ১ বছরে তাঁর জীবনে অনেক বিপর্যয় এসেছে। অনেক কথা শুনতে হয়েছে তাঁকে। কখনও শুনতে হয়েছে তিনি তৃণমূল থেকে এসেছেন, আবার শুনতে হয়েছে, তিনি অন্য লবির। স্বামীর কেরিয়ার খারাপ হয়ে যাওয়ার জন্যেও স্ত্রী হিসেবে রিঙ্কুকে কথা শুনতে হয়েছে। সোশাল মিডিয়াতেও বহু মানুষ তাঁকে দোষারোপ করেছেন। ছাব্বিশের নির্বাচনে বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এবং মন্ত্রী হিসেবে দিলীপের শপথগ্রহণের পর সেই ‘বদনাম ঘুচল’ বলে মনে করেন রিঙ্কু।

    রিঙ্কু আরও বলেন, পশ্চিমবঙ্গ থেকে দেশের রাজনীতির সমীকরণ নির্ণয় করা হয়। তাই পশ্চিমবঙ্গের নিরিখে ভারত দ্বিতীয় স্বাধীনতা পেল বলে মনে করেন তিনি। শনিবার শপথগ্রহণ পর্বের পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রিঙ্কু। সেই সময় তাঁকে ‘ম্যাডাম মিনিস্টার’ বলে সম্বোধন করে একসঙ্গে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। রিঙ্কু জানান, দিলীপ-শুভেন্দু জুটি ইতিমধ্যেই রাজ্যে মিরাকেল করেছে। আগামীদিনেও সকলে মিলে রাজ্যে উন্নয়নের কাজ করবেন বলে আশাবাদী রিঙ্কু।
  • Link to this news (প্রতিদিন)