নিজে রাজনীতিবিদ, ছেলের দীর্ঘ রাজনৈতিক লড়াই চোখের সামনে দেখেছেন। ছেলে শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী, তার পরেই আবেগতাড়িত বাবা শিশির অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কী দাবি রাখলেন তিনি?
শিশির অধিকারীর দাবি যুবকদের কর্মসংস্থান হোক। তিনি বলেন, ‘যাঁদের চাকরি চলে গিয়েছে, তাঁদের কথা ভাবা হোক। বাংলার ছেলেমেয়ে দু’মুঠো পেট পুরে খাক, সোনার বাংলা তৈরি হোক।’
তাঁর বাবা জানাচ্ছেন, শুভেন্দু অধিকারী ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলেন। ছোটো থেকে ছেলের মনে জেদ ছিল বলেও জানাচ্ছেন তিনি। শিশির অধিকারী বলেন, ‘আমাদের পরিবারে সন্ন্যাসী হওয়ার ট্র্যাডিশন রয়েছে। শনিবার রুমালে খুচরো পয়সা বেঁধে রামকৃষ্ণ মিশনে চলে যেত... ওখানে দুপুরে যা হতো তাই খেত। বাড়িতে কিন্তু খুঁতখাত ছিল, এটা খাব না, ওটা খাব না— এসব ছিল।’
শুভেন্দু অধিকারী বরাবর সাধারণ জীবনযাপন পছন্দ করেন বলে জানালেন বাবা শিশির অধিকারী। তিনি বলেন, ‘শুভেন্দু সিম্পল থাকতে ভালোবাসে, তার জন্য বিয়েটাও পর্যন্ত করেনি। আমাদের সংসারের বাকি ৩টে ছেলে বিয়ে করেছে। ও বিয়ে করবেও না। ঈশ্বরের দয়ায়...শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের আশীর্বাদে ও তার মতো করেই চলেছে...আজ মোদীজির আশীর্বাদে রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী রাজ্যের দুর্নীতি দূর করতে পারবেন বলে নিশ্চিত তিনি।’