পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এন. রঙ্গস্বামীকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রঙ্গস্বামী শপথ নেওয়ার দিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে. কৈলাশনাথন ইতিমধ্যেই রঙ্গস্বামীকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ১৩ মে রঙ্গস্বামী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এটি হবে তাঁর পঞ্চম দফায় মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তন।
গত ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফল ঘোষণা হয় ৪ মে। ওই নির্বাচনে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (AINRC)-নেতৃত্বাধীন এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়।
রঙ্গস্বামীর দল AINRC ১৬টি আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে ১২টিতে জয়ী হয়েছে। বিজেপি ১০টি আসনে লড়ে ৪টিতে জিতেছে। জোটের অন্য শরিক এআইএডিএমকে এবং লাচ্চিয়া জননায়াগা কাছি (LJK) একটি করে আসন পেয়েছে।
সব মিলিয়ে ৩০ সদস্যের বিধানসভায় এনডিএ-র আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর বাইরে আরও তিন জন মনোনীত সদস্য থাকবেন। বিরোধী শিবিরে ডিএমকে ৫টি আসন পেয়েছে। কংগ্রেস জিতেছে ১টি আসনে। অভিনেতা বিজয়ের দল টিভিকে (TVK) প্রথম নির্বাচনে ২টি আসন দখল করেছে।
নির্বাচনে জয়ের পর ফের প্রশাসনিক দায়িত্ব নিতে চলেছেন রঙ্গস্বামী। পুদুচেরির রাজনীতিতে তিনি দীর্ঘদিনের পরিচিত মুখ।