নির্বাচনের সময় অধীরের প্রচারে বাধা! বহরমপুরে গ্রেপ্তার তৃণমূল যুব নেতা
প্রতিদিন | ১০ মে ২০২৬
বহরমপুরে গ্রেপ্তার যুব তৃণমূল সভাপতি। নির্বাচনে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃতকে আদলতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
ধৃত তৃণমূল নেতার নাম ভীষ্মদেব কর্মকার। তিনি মুশিদাবাদ সংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি। এই যুবনেতার বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল বলে জানা যাচ্ছে। তবে নির্বাচন চলাকালীন ৪ এপ্রিল কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠছে রাজ্যে পালাবদল হওয়ার পরই প্রতিহিংসা চরিতার্থ করতে এই গ্রেপ্তারি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রচারে বাধা দেওয়ার অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে বহরমপুর থেকে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী। নির্বাচনী প্রচার চলার সময়ে তাঁর প্রচার ঘিরে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও কংগ্রেস কর্মী-সমর্থকদের স্লোগান ও পালটা স্লোগানে বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভোটের ফলাফল ঘোষণার পর দেখা যায় জিতেছেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। এবার অধীরের প্রচারের বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের যুব নেতা।