ভুবনেশ্বর: ওড়িশার খুরদা জেলায় জিআরপির কনস্টেবল সৌম্যরঞ্জন সোয়েনকে পিটিয়ে মারার ঘটনায় আরও ছ’জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। গত ৭ মে বালিয়ান্তা থানা এলাকার মফঃস্বলে ওই পুলিশ কনস্টেবলকে জনা চল্লিশেক মানুষ বাঁশে বেঁধে ঝুলিয়ে প্রচণ্ড মারধর করে। মৃত্যু হয় ওই সোয়েনের। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছেন। এদিকে মৃতের বাবা দুঃশাসন সোয়েন অভিযোগ করেন, পুলিশের যে দল ঘটনোর খবর পেয়ে এলাকায় গিয়েছিল, তারাও ওই জনতার দলে ভিড়ে যায়। পুলিশও যে সোয়েনকে পিটিয়েছে সেই প্রমাণ ভাইরাল ভিডিয়োতে রয়েছে বলে মৃতের বাবা দাবি করেছেন। তিনি এও দাবি করেছেন, যে মহিলা তাঁর ছেলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছেন, তাঁর পলিগ্রাফ টেস্ট করতে হবে। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন মৃতের পরিবারকে আশ্বস্ত করে বলেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।