• ‘আমি একজন সাধারণ মানুষ’, তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন বিজয়
    বর্তমান | ১০ মে ২০২৬
  • চেন্নাই, ১০ মে: বঙ্গে সরকার পালাবদলের সঙ্গে সঙ্গে পালাবদল হয়েছে তামিলনাড়ুর। তামিলনাড়ুর রাজনীতিতে রবিবার নতুন ইতিহাসের সূচনা হল। বহু দশক ধরে ডিএমকে ও এআইএডিএমকের দাপটে আবদ্ধ রাজ্যে এবার ক্ষমতার কেন্দ্রে উঠে এল এক নতুন শক্তি। নির্বাচনে জয় লাভের পর আজ তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন টিভিকে প্রধান বিজয়।

    স্বাধীনতার পর থেকে তামিলনাড়ুর রাজনীতিতে কংগ্রেস, ডিএমকে ও এআইএডিএমকের সরকারই ক্ষমতায় থেকেছে। এবার সেই দীর্ঘ রাজনৈতিক ধারাকে ভেঙে প্রথমবার ক্ষমতায় আগমন টিভিকের। ২৬এর নির্বাচনে ২৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসন জিতে কার্যত সকলকে চমকে দিয়েছে টিভিকে। রাজনৈতিক মহল থেকে বিনোদন জগত্ সর্বত্রই এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নতুন সরকারের প্রথম দিনের অনুষ্ঠান ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুধু বিজয় নন, তাঁর সঙ্গে এদিন আরও ৯ জন মন্ত্রীও শপথ নেন। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন কেএ সেনগোট্টাইয়ান, নির্মল কুমার, আধব অর্জুন, টিভিকে-র সাধারণ সম্পাদক আনন্দ, রাজ মোহন, ড. টিকে প্রভু, অরুন রাজ, কীর্তনা এবং পি ভেঙ্কটারামন।

    বিজয় আজ চেন্নাইতে শপথ গ্রহণের পর তাঁর প্রথম ভাষণে নিজেকে একজন 'সাধারণ মানুষ' হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি তাঁর বংশপরিচয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, তিনি কোনো রাজবংশের নন এবং এই কারণেই জনগণ তাঁকে গ্রহণ করেছে।বিজয় বলেছেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারিত করবেন না এবং তিনি প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের  জন্য কাজ করবেন বলে জোর দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)