• অভিভাবকহীন পুরসভা, রবিকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এল নাগরিক সমাজ
    বর্তমান | ১০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অভিভাবকহীন রায়গঞ্জ পুরসভার তরফে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে কোনো উদ্যোগ দেখা গেল না। এই অবস্থায় শনিবার শহরে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে এগিয়ে এল নাগরিক সমাজ। একাধিক বণিক সংগঠনের সদস্য, মানুষ শহরের ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তিতে এদিন মাল্যদান করেন। আলোচনা, নাচ, গান, কবিতা পাঠের মাধ্যমে রবিকে স্মরণ করা হয়।

    ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স, রায়গঞ্জ মার্চেন্ট  অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন রবীন্দ্র অনুরাগী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শুক্রবার রায়গঞ্জ পুরসভার প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছেন সন্দীপ বিশ্বাস। 

    এদিন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরও দিনটি পালন করে। দপ্তরে কবিপ্রণাম গানে, কথায় উদযাপিত হয় বলে জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও রবিকে শ্রদ্ধা জানানো হয়।

    শোভাযাত্রা ও আলোচনার মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের  জন্মজয়ন্তী পালিত হল বালুরঘাটে। শনিবার সকালে বালুরঘাট কলেজের সামনে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যরা। এরপর সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বাপ্পা ভট্টাচার্য, রোহিত মাহাত, অশোক বর্মন সহ সংগঠনের অন্য কার্যকর্তারা। বক্তারা রবীন্দ্রজয়ন্তীর ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয়েও নিজেদের মত প্রকাশ করেন। 

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সংস্কৃতি ও মনীষীদের আদর্শকে আরও বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্যে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

    সভা শেষে বালুরঘাট কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। রবীন্দ্রসঙ্গীতের আবহে শোভাযাত্রাটি হিলি মোড়ে পৌঁছালে সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সদস্যরা। পরে বালুরঘাট বাসস্ট্যান্ড হয়ে শহর পরিক্রমা করে মিছিলটি থানামোড়ে পৌঁছায়। সেখানে কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
  • Link to this news (বর্তমান)