• খুনের মামলা তুলতে হুমকি মৃতের মাকে, থানার দ্বারস্থ
    বর্তমান | ১০ মে ২০২৬
  • সংবাদদাতা, মানিকচক: মানিকচকে খুনের মামলা তুলতে মৃতের মাকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শনিবার মানিকচক থানার দ্বারস্থ হন মৃতের মা সহ পরিবারের সদস্যরা। অভিযোগ খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। মানিকচক থানার মথুরাপুর জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা হীরেন কুন্ডু (২৪)। গত বছর অক্টোবরে তাঁর দুই মামা জীবন ও রাজা মণ্ডলের মধ্যে পারিবারিক অশান্তিকে ঘিরে বচসা ও হাতাহাতি হয়। সেই সময় জীবনকে প্রাণে মারতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন রাজা। জীবনকে বাঁচাতে গিয়ে রাজার হাতে মৃত্যু হয় ভাগ্নে হীরেনের। খুনের অভিযোগের ভিত্তিতে রাজা বর্তমানে জেলে রয়েছে। এছাড়া বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক। বর্তমানে মামলাটি বিচারাধীন। সেই মামলা তুলতে হুমকি দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বাড়ির পিছনে আমবাগানে গিয়েছিলেন মৃতের মা মিলি কুন্ডু। সেই সময় দু’টি বাইকে চেপে  রাজার আত্মীয় রাজ কর্মকার সহ চারজন তাঁকে ঘিরে ধরে খুনের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। মামলা না তুললে পরিবারের আরেক ছেলেকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এমনকী মিলিকে মারধর করে। সেই সময় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করতে এলে চম্পট দেয় অভিযুক্তরা।

    মিলি বলেন, দুই ছেলের মধ্যে একজনকে মেরে ফেলেছে। তার মৃত্যুর ন্যায়বিচার পেতে মামলা করেছি। এখন সেই মামলা তুলতে হুমকি দিচ্ছে তারা। না হলে আরেক ছেলেকে মেরে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সপরিবার খুব আতঙ্কে আছি। বিষয়টি নিয়ে মানিকচক থানার দ্বারস্থ হয়ে রাজ  সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছি।

    মৃতের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তের পরিবারের সদস্যরা। তাদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।
  • Link to this news (বর্তমান)