• রাজগঞ্জে ভূমিদপ্তর থেকে প্রচুর ফাইল উধাও, আদালতের নির্দেশে তদন্তে সিট
    বর্তমান | ১০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজগঞ্জে ভূমিদপ্তর থেকে প্রায় পাঁচ হাজার ফাইল উধাও বলে অভিযোগ। আদালতের নির্দেশে তদন্তে পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। শনিবার সিটের সদস্যরা রাজগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের পাশাপাশি রেভিনিউ ইনসপেক্টর বা রাজস্ব আধিকারিকের অফিসে হানা দেন। ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সিট সদস্যদের আরও কয়েকটি জায়গায় অভিযান চালানোর কথা রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই সবটা বলতে নারাজ তাঁরা।

    সিট সূত্রে খবর, ২০২১-’২৫ সালের মধ্যে রাজগঞ্জ বিএলআরও অফিসের প্রায় পাঁচ হাজার মিউটেশন ফাইল মিসিং। এনিয়ে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সিট গঠনের নির্দেশ দেয়। সেইমতো গত জানুয়ারি মাসে ৬ সদস্যের সিট গঠন হয়। এরপরই তদন্ত শুরু হলেও রাজ্যে বিধানসভা নির্বাচন চলে আসায় ওই কাজে কিছুটা ভাটা পড়ে বলে অভিযোগ। ভোট মিটতেই ফের ফাইল খোঁজার কাজে গতি বাড়াল স্পেশাল ইনভেস্টিগেশন টিম। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমরনাথ কে এদিন বলেন, আদালতের নির্দেশে সিট গঠন হয়েছে। সেই টিম ভূমিদপ্তরের মিসিং ফাইলের খোঁজ চালাচ্ছে।

    রাজগঞ্জে ভূমিদপ্তরের অফিস থেকে যেসমস্ত ফাইল মিসিং, সেগুলির বেশিরভাগই মিউটেশন ফাইল বলে পুলিশ সূত্রে খবর। তবে গত পাঁচ বছরের মধ্যে সরকারি নথির প্রায় পাঁচ হাজার ফাইল কোথায় গেল, তা নিয়ে আলোড়ন ছড়িয়েছে। সরকারি দপ্তর থেকে এত বিপুল সংখ্যক ফাইল কোথাও কী সরিয়ে ফেলা হয়েছে, প্রশ্ন উঠেছে। ভুয়ো মিউটেশনের কারণে তথ্য প্রমাণ লোপাট করতেই কি এত ফাইল ‘গায়েব’ করে দেওয়া হয়েছে, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

    সূত্রের খবর, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায় জমি সংক্রান্ত মামলায় ফাইল লোপাটের বিষয়টি প্রথম সামনে আসে। এরপরই দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ফাইল মিসিংয়ের ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় পুলিশকে। রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস বলেন, এদিন রাজগঞ্জ বিএলআরও অফিসের পাশে রাজস্ব আধিকারিকের অফিস সহ বেশ কয়েকটি জায়গায় ফাইলের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। আরও কিছু জায়গায় হানা দেব আমরা। শীঘ্রই তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার তারিখ রয়েছে বলে সিট সূত্রে খবর। 
  • Link to this news (বর্তমান)