বালুরঘাটে এসে বিভিন্ন জায়গা ঘুরলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ি, প্রাক্তন বিধায়ককে সংবর্ধনা অনুগামীদের
বর্তমান | ১০ মে ২০২৬
সংবাদদাতা, বালুরঘাট: ভোট মিটতেই বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ি। প্রাক্তন বিধায়ক শনিবার দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে নামতেই শুভেচ্ছায় ভাসেন। এদিন বালুরঘাটে এসে বিভিন্ন জায়গায় যান। মানুষের সঙ্গে কথা বলেন।
গত শুক্রবারই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদে বসেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক। তারপরই এদিন বালুরঘাটে এলেন। বালুরঘাটে এসে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। বালুরঘাটের বিধায়ক ছিলেন তিনি। তাই বালুরঘাটের জন্য আলাদাভাবে চিন্তাভাবনার কথা জানিয়েছেন।
এদিন বালুরঘাট রেল স্টেশনে নামেন অশোক। প্রাক্তন বিধায়ককে কাছে পেয়ে অনুগামীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন। এরপর নিজের ভাড়াবাড়িতে উঠে বালুরঘাটের বিভিন্ন জায়গায় যান। বিধায়ক থাকাকালীন ভারত সেবাশ্রম সংঘে অশোক অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। এমএলএ ফান্ডের টাকায় বেশ কিছু কাজও শুরু হয়েছিল। সেই কাজ খতিয়ে দেখেন। এরপর হিলি ব্লকের তিওরের ভারত সেবাশ্রম সংঘে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান। সংঘের পক্ষ থেকে অশোককে সংবর্ধনাও দেওয়া হয়।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক বলেন, বালুরঘাটের সঙ্গে আমার আত্মীক যোগ রয়েছে। এখানে পাঁচ বছর থেকেছি। এখানকার মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছি। তাই বালুরঘাটের জন্য আলাদাভাবে ভাবব। দেশের কোন কোন প্রকল্পে বালুরঘাটের জন্য সুবিধা পেতে পারে, সেসব ভেবে দেখব। বেশ কিছু কাজ চলছে। সেগুলি দেখব। দুটি অ্যাম্বুলেন্স চালু করা হবে।
২০২১ সালের বিধানসভা ভোটে বালুরঘাট আসনে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোককে প্রার্থী করে বিজেপি। প্রথমবার ভোটে দাঁড়িয়ে জয়ী হয়ে বিধানসভায় যান তিনি। তবে এবারের বিধানসভা নির্বাচনে বালুরঘাট থেকে তাঁকে আর টিকিট দেওয়া হয়নি। এ নিয়ে চাপা অভিমান ছিল অশোকের। টিকিট না পেয়ে ভোটের আগেই বালুরঘাট থেকে চলে গিয়েছিলেন। পরবর্তীতে তাকে আর দেখা যায়নি। এতে অশোক অনুগামীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে অশোককে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদে বসাতেই খুশি বালুরঘাটবাসী। এদিন অনুগামীদের সঙ্গে দেখাও করেন অশোক।
প্রাক্তন বিধায়ক নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হওয়ায় আশায় রয়েছেন বালুরঘাটের মানুষও। শিক্ষক মনোজ চৌধুরী বলেন, আশা করছি, এবার পিছিয়ে পড়া বালুরঘাটে উন্নয়ন হবে।