• মালিওরে রাস্তার কাজ থমকে দেড়মাস, তীব্র ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের, ক্ষোভ
    বর্তমান | ১০ মে ২০২৬
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: দেড় মাস বন্ধ রাস্তার কাজ। এমন পরিস্থিতিতে বৃষ্টিতে জল জমে কাদায় ভোগান্তি বাড়ছে বাসিন্দাদের। ঠিকাদারকে জানালেও কাজ করা হচ্ছে না বলে অভিযোগ করলেন বাসিন্দারা।  উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ৮৪ লক্ষ টাকায় হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের গৌরিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ফাইজুদ্দিনের বাড়ি পর্যন্ত ৯৩২ মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার শিডিউল মেনে কাজ করছেন না। ইঞ্জিনিয়ারকে বারবার বলা সত্ত্বেও বন্ধ হচ্ছে না অনিয়ম। স্থানীয় বাসিন্দা মহম্মদ কালামের অভিযোগ, ঠিকাদার স্থানীয় বাসিন্দা। তাঁর বাবা তোবারক হোসেন হরিশ্চন্দ্রপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। ঠিকাদার মর্জিমাফিক কাজ করছেন। বেডমিশালি দিয়েছে নামমাত্র। ঢালাই শুরু হলেও দেড় মাস কাজ বন্ধ রয়েছে। এখন বৃষ্টিতে রাস্তায় জল জমে কাদা হয়ে গিয়েছে। এভাবে কাজ করলে রাস্তা বেশিদিন টিকবে না। ইঞ্জিনিয়ারকে একাধিকবার রাস্তার ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়েছি। ফোন করে সব জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এবার আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।

    আরেক বাসিন্দা নাজিমুল হক বলেন, এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। ছোটো, বড়ো যানবাহন চলাচল করে। যেভাবে রাস্তা তৈরি করছে, বেশিদিন টিকবে না। আমরা তদন্তের দাবি করছি। ঠিকাদার ওয়াসিম আকরামের দাবি, শিডিউল মেনেই কাজ হচ্ছে। ইঞ্জিনিয়ার কাজ দেখে গিয়েছেন। ভোট ও বর্ষার কারণে কাজ বন্ধ ছিল। সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে। 

    কাজের দায়িত্বে‌ থাকা জেলার জুনিয়ার ইঞ্জিনিয়ার সাগর সেন বলেন, ফান্ডের সমস্যা রয়েছে। ভোটের জন্য কাজ বন্ধ ছিল। দ্রুত শুরু করার জন্য চিঠি করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)