• রাজ্যে নতুন সরকার গঠনের পর আলুচাষিদের মধ্যে আশার সঞ্চার
    বর্তমান | ১০ মে ২০২৬
  • সংবাদদাতা, ধূপগুড়ি: রাজ্যে নতুন সরকার গঠনের পর উত্তরবঙ্গের আলুচাষিদের মধ্যে ফের আশার সঞ্চার হয়েছে। এক সময় উত্তরবঙ্গের মাটি থেকে উঠে আসা আলুই বদলে দিয়েছিল হাজার হাজার কৃষক পরিবারের ভাগ্য। শীতের মরশুমে মাঠভরা আলু মানেই ছিল উৎসবের আমেজ। ট্রাকের পর ট্রাক আলু পাড়ি দিত অসম, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে। আলুর ভালো দামে হাসি ফুটত চাষির মুখে, চাঙ্গা থাকত ধূপগুড়ি, ময়নাগুড়ি-সহ সমগ্র উত্তরবঙ্গের গ্রামীণ অর্থনীতি।

    কিন্তু আলুচাষিদের অভিযোগ, বিগত সরকারের আমলে বিভিন্ন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ ও সীমান্তে সমস্যার সৃষ্টি হয়। ফলে এক সময় উত্তরবঙ্গের আলু নিয়মিত ভাবে অসম ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে পাঠানো হলেও পরবর্তীতে সেই বাজার কার্যত বন্ধ হয়ে যায়। একই সঙ্গে অসম সরকার ব্রহ্মপুত্র উপত্যকায় ব্যাপক হারে আলু চাষ শুরু করায় উত্তরবঙ্গে আলুর চাহিদা আরও কমে যায়।

    এবছর অতিবৃষ্টির জেরে বহু জমিতে আলু পচে যায়। তার উপর বাজারে ক্রেতার অভাবে চাষিদের লোকসান আরও বাড়ে। এক সময় ১০ মেট্রিক টদ আলুর দাম যেখানে ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত উঠত, সেখানে বর্তমানে সেই দাম নেমে দাঁড়িয়েছে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকায়।

    উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলু চৌধুরী বলেন, বিগত তৃণমূল সরকার উত্তরবঙ্গের আলু চাষকে কার্যত ধ্বংস করে দিয়েছে। নতুন সরকারের কাছে আবেদন জানাব যাতে সরকারি উদ্যোগে বাইরের রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করা হয়।

    ধূপগুড়ির আলুচাষি দেবাশিস রায় বলেন, সরকারি ক্রয় কর্মসূচিতেও প্রকৃত চাষিদের বড় অংশ উপকৃত হননি। রাজনৈতিক রং দেখে কয়েকজন নির্দিষ্ট কৃষকের কাছ থেকেই আলু কেনা হত। আশা করছি নতুন সরকার এই বিষয়গুলির দিকে নজর দেবে। বিজেপির যুব মোর্চার রাজ্য সহ সভাপতি সপ্তর্ষি সরকার বলেন, এটি মানুষের সরকার। কৃষকদের স্বার্থরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

    উল্লেখ্য, ধূপগুড়ি, ময়নাগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার অর্থনীতি অনেকাংশেই আলু চাষের উপর নির্ভরশীল। চাষ, বিপণন ও শ্রমনির্ভর এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হাজার হাজার মানুষ। ফলে আলুর বাজার ঘুরে দাঁড়ালে উত্তরবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন আলু ব্যবসায়ীরা।
  • Link to this news (বর্তমান)