• বৈধ কয়লা কারবার থেকে ফের তোলাবাজি, সরব ব্যবসায়ীরা
    বর্তমান | ১০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বৈধ কয়লা কারবার থেকে ফের তোলাবাজির অভিযোগে সরগরম শিল্পাঞ্চল। ইসিএল থেকে বহু ব্যবসায়ী বৈধভাবে টেন্ডারের মাধ্যমে কয়লা কেনেন। ইসিএলে বিভিন্ন পয়েন্ট থেকে সেই কয়লা সরবরাহ করা হয়। ব্যবসায়ীদের প্রয়োজনীয় গাড়ি নিয়ে সেখানে হাজির হতে হয়। কয়লা বোঝাই হয়ে সেই গাড়ি নিজ নিজ গন্তব্যে রওনা দেয়। এই পুরো পক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে ব্যবসায়ীদের মোটা টাকা তোলা দিতে হত বলে অভিযোগ। তৃণমূল সরকারের আমলে বার বার এই অভিযোগ উঠেছে। টন প্রতি ২১০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত তোলা আদায় করা হয়েছে বলে অভিযোগ। যা শিল্পাঞ্চলে ডিও সিন্ডিকেট নামে পরিচিত ছিল। প্রচারে এসে শিল্পাঞ্চলে সব রকম সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকার বদলের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা আশা করেছিলেন, ডিও সিন্ডিকেট চিরতরে বিদায় নেবে। কিন্তু, বাস্তবে তাঁদের বিপরীত অভিজ্ঞতা হয়েছে। অভিযোগ, নতুন লোকজন তোলাবাজি করার চেষ্টা করছে। নতুন সরকারের আমলে নতুন সিন্ডিকেট গড়ার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা শুক্রবার রাতে রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ে জমায়েত হন। তাঁরা একত্রিত হয়ে এর প্রতিবাদ জানান। 

    তাঁরা জানিয়েছেন, নতুন সরকারের কাছে তাঁদের আশা, শিল্পাঞ্চলে কোনো সিন্ডিকেট মাথা চাড়া দেবে না। তাঁরা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। পাণ্ডবেশ্বরের জয়ী বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি বলেন, ব্যবসায়ীদের অনুরোধ করব, যেখানেই এই ঘটনা ঘটবে আপনারা থানায় অভিযোগ করুন। পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। এই নির্দেশই দেওয়া হয়েছে। শুধু কয়লা নয়, শিল্পাঞ্চলে কোনো সিন্ডিকেট গড়তে দেওয়া হবে না।
  • Link to this news (বর্তমান)