মধ্যরাতে আগুন, পুড়ে ছাই সমুদ্রসৈকত সংলগ্ন এলাকার একাধিক দোকান
বর্তমান | ১০ মে ২০২৬
সংবাদদাতা, কাঁথি: পূর্ব মেদিনীপুরের খেজুরির নিজকসবার সমুদ্রসৈকত সংলগ্ন হিজলি মসনদ-ই-আলার মাজার ও পর্যটন কেন্দ্র এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪০টিরও বেশি অস্থায়ী ঝুপড়ি দোকান। শনিবার গভীর রাতে আচমকাই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাঁথি থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময়ের চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থলে আসে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশও। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানদারেরা। বহু ব্যবসায়ীর পুঁজি ও জীবিকার একমাত্র সম্বল মুহূর্তে ভস্মীভূত হওয়ায় তাঁদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।