• পুরানো কলকাতার ছবিতে সেজে উঠছে মহাকরণে মুখ্যমন্ত্রীর অফিস
    বর্তমান | ১০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতায় এসেই মহাকরণে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিচালিত সরকার। ফলে ১৩ বছর পর নবান্নের বদলে মহাকরণ হচ্ছে রাজ্য সরকারের সদর দপ্তর। তবে মহাকরণের সংস্কারের কাজ সম্পূর্ণ হতে কম করে আরও ৬-৮ মাস সময় লাগতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। তাই অগ্রাধিকারের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর অফিস এবং সংলগ্ন এলাকা সাজিয়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য তিনতলার যে ঘরটি চিহ্নিত করা হয়েছে, সেটি পুরানো কলকাতার আট থেকে ন’টি সাদা-কালো ছবি দিয়ে সাজানো হয়েছে। সবক’টিই মূলত বিবাদী বাগ চত্বরের ছবি। শহিদ মিনার, কলকাতার ট্রাম ইত্যাদি।  

    এছাড়া, ৫০০ বর্গফুটের এই ঘরটিতে দু’টি টাওয়ার এসি মেশিন বসানো হয়েছে। মেঝে তৈরি হয়েছে ইটালিয়ান মার্বেল দিয়ে। মুখ্যমন্ত্রীর কক্ষের পাশেই তৈরি করা হয়েছে একটি ভিজিটর্স রুম। ভোটের ফলাফল ঘোষণার আগেই বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, তারা জিতলে সরকার চালানো হবে মহাকরণ থেকে। এই প্রেক্ষাপটে ফলাফল ঘোষণার পরেই মহাকরণ সংস্কারের কাজে গতি বাড়ায় রাজ্য পূর্তদপ্তর। পালাবদলের পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকশো কর্মীকে কাজে লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে মহাকরণের এই অংশ। অন্যদিকে, এদিন সুষ্ঠুভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পূর্তদপ্তরের ময়দান টেন্টের বৈঠকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
  • Link to this news (বর্তমান)