• বারাসতের কাউন্সিলারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে পোস্টার
    বর্তমান | ১০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা নির্বাচনে বারাসতে প্রায় প্রতিটি ওয়ার্ডেই ভরাডুবি হয়েছে তৃণমূলের। এর মধ্যে বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের নামে ‘তোলাবাজি’র পোস্টারকে ঘিরে শোরগোল পড়ল। কে বা কারা এই ধরনের পোস্টার সাঁটালেন, তা নিয়ে ধোঁয়াশায় এলাকার বাসিন্দারা। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলার দেবব্রত পাল।

    তৃণমূলের কাউন্সিলার দেবব্রত পালের বিরুদ্ধে শনিবার সকাল থেকে পোস্টারটি দেখা যায় বারাসত স্টেশন রোডের বিভিন্ন জায়গায়। পোস্টারে কাউন্সিলারের বিরুদ্ধে আর্থিক তছরুপের পাশাপাশি প্রোমোটারদের কাছে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। যদিও কাউন্সিলার দেবব্রত পাল বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। কারও অভিযোগ থাকলে তিনি আগে বলতে পারতেন। এতদিনে কেন? এলাকার কেউ বলতে পারবেন না যে কারও কাছ থেকে আমি এক টাকাও নিয়েছি। পাল্টা বিজেপি নেতা তাপস মিত্রের কটাক্ষ, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে কোথায় কোন কাউন্সিলার কীভাবে বেনিয়ম করেছেন, সেটা অবশ্যই তা বের করব আমরা। তৃণমূল নেতাদের দুর্নীতি শিকড় সহ উপরে ফেলবে বিজেপি।
  • Link to this news (বর্তমান)