দিনে ৫ ঘণ্টা পড়াশোনা, ছাত্রীদের মধ্যে প্রথম স্থানে বিদিশা হালদার
বর্তমান | ১০ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে ১১ জন পড়ুয়া এবার মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মেধা তালিকায় স্থান পেয়েছে। তাদের মধ্যে মাত্র একজন ছাত্রী। সে এবার জেলায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সোনারপুরের সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের বিদিশা হালদার ষষ্ঠ হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৯২। এই সাফল্যের পিছনে কারণ কী? বিদিশা জানিয়েছে, দিনে পাঁচ ঘণ্টা সম্পূর্ণ মনযোগ দিয়ে পড়াশোনা করেছে সে। মোবাইল ব্যবহার করেছে কেবল পড়াশোনার প্রয়োজনেই। অতিরিক্ত মোবাইল ব্যবহারে যে মনঃসংযোগ সরে যেতে পারে, তা সবসময় মাথায় রেখেই সে প্রস্তুতি চালিয়েছে। আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে বিদিশার।
মেধা তালিকায় রাজ্যে ষষ্ঠ স্থান পেলেও আরেকটু ভালো ফল আশা করেছিল সে। বাংলায় অল্প নম্বর কাটা যাওয়ায় আরেকটু উপরের দিকে স্থান হয়নি তার। তবে দিনের শেষে এই ফলাফলে সে খুশি। নবম শ্রেণিতে কোনো গৃহশিক্ষক না থাকলেও মাধ্যমিকের জন্য প্রতিটি বিষয়ে তার টিউটর ছিল বলে সে জানিয়েছে। মাধ্যমিকে মেধা তালিকায় স্থান পাওয়ার লক্ষ্য নিয়েই সে যাবতীয় প্রস্তুতি ও পড়াশোনা চালিয়ে গিয়েছে বলে জানালেন তার পরিবারের সদস্যরা। পড়াশোনার বাইরে অন্যান্য বিষয়েও তার যথেষ্ট আগ্রহ রয়েছে। আবৃত্তি পরিবেশন থেকে অনুষ্ঠান সঞ্চালনা করতে পারে বিদিশা। তার স্কুলের প্রধান শিক্ষিকা মানসী চৌধুরী বলেন, ‘টানা চার বছর স্কুলের সেরা ছাত্রী হয়েছে বিদিশা। পড়াশোনায় বরাবরই সিরিয়াস। অন্যান্য কাজকর্মেও পটু। ছাত্রীর এই সাফল্যে স্কুলের সবাই ভীষণ খুশি।’