• রাতে কান্না না থামানোয় পাঁচ মাসের মেয়েকে মুখ চাপা দিয়ে খুন! ধৃত বাবা
    বর্তমান | ১০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কান্না না থামানোয় পাঁচ মাসের শিশুকন্যাকে মুখ চাপা দিয়ে মারার অভিযোগে শুক্রবার ময়দান থানার পুলিশ বাবাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম দেবজিৎ জানা। শনিবার তাকে ব্যাঙ্কশাল কোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ২২ মে পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন ধৃতের তরফে জামিনের আবেদন জানানো হয়। যদিও সেই আরজি বাতিল করে দেন বিচারক। সম্প্রতি ময়দান থানা এলাকায় পাঁচ বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে তারই সৎবাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ঝাড়খণ্ড পালিয়ে গিয়েছিল। ঘটনার একমাসের বেশি সময় পর সে ময়দান চত্বর থেকেই ধরা পড়ে। সেই রেশ কাটতে না কাটতে ফের ময়দানে এক শিশুকন্যর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। 

    আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কয়েকদিন আগের। ময়দান থানা এলাকার ঝুপড়ির বাসিন্দা ওই যুবক রাতে ঘুমোচ্ছিল। তখন তার পাশে থাকা পাঁচ মাসের শিশুকন্যা অঝোরে কাঁদছিল। অভিযোগ, বিরক্ত হয়ে অভিযুক্ত বাবা মুখ চাপা দেওয়ায় শিশুটি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এরপর দেহ ময়দানের ঝোপঝাড়ের কাছে একটি ভ্যাটে ফেলে পালিয়ে যায়। ওই  ঘটনার পর শিশুকন্যাকে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করে দেন মা। তখন ওই পথ দিয়ে একটি পুলিশের গাড়ি টহল দিচ্ছিল। এত রাতে এক মহিলাকে কান্নাকাটি করতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখনই বিষয়টি তারা জানতে পারে। কিন্তু এদিক ওদিক খুঁজেও খোঁজ মেলেনি ঩শিশুটির। পুলিশ তদন্ত শুরু করে। সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ময়দান থানার পুলিশ ওই এলাকা থেকে গ্রেপ্তার করে দেবজিৎ জানাকে। পুলিশি জেরায় সে ঘটনার কথা স্বীকার করে বলে পুলিশ সূত্রের খবর। আদালত সূত্রে জানা গিয়েছে, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে। অভিযোগকারিণী মায়ের ‘গোপন জবানবন্দি’ সহ নানা আইনি প্রক্রিয়ার বিষয়ে কোর্টে সরকারপক্ষ থেকে আগামী সপ্তাহে আরজি জানানো হবে বলে খবর। 
  • Link to this news (বর্তমান)