বাসিন্দাদের দাবি মেনে দলীয় কার্যালয় সরিয়ে দিলেন তৃণমূল বিধায়ক
বর্তমান | ১০ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটে জয়ের পরেই ‘জনস্বার্থে’ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন বসিরহাট দক্ষিণের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র। এলাকাবাসীদের দাবি মেনে ভ্যাবলা হাইস্কুল মাঠ সংলগ্ন দলীয় কার্যালয় বন্ধ করা হল শনিবার। একইসঙ্গে, বসিরহাট পুর এলাকার লেডিস মুখার্জি বালিকা বিদ্যালয়ের যাওয়ার পথের পাশে থাকা ১৯ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ও অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। পাশাপাশি এই পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে রেললাইন সংলগ্ন দলীয় কার্যালয়ও অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুরজিৎবাবু। আগামীতে এই কার্যালয়গুলি স্বাধীন জায়গায় নিয়ে গিয়ে সাংগঠনিক কাজ করা হবে বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্কুলের আশপাশে দলীয় কার্যালয় থাকা নিয়ে একাংশ অভিভাবক এবং বাসিন্দাদের মধ্যে আপত্তি ছিল। এনিয়ে বিধায়ক সুরজিৎ মিত্র বলেন, মানুষের অনুভূতি, শিক্ষার পরিবেশ এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।