ভাঙড়ে জমি রক্ষা কমিটির নেতাকে লক্ষ্য করে বোমা, ধৃত তৃণমূল কাউন্সিলার
বর্তমান | ১০ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জমি রক্ষা কমিটির নেতা অলীক চক্রবর্তীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় কেউ আহত না হলেও শোরগোল পড়ে যায় এলাকায়। সূত্রের খবর, শুক্রবার রাতে মাছিভাঙা গ্রামে একটি সাংগঠনিক সভা শেষে এক কর্মীর বাইকে চেপে ফিরছিলেন অলীক। অভিযোগ নতুনহাট বাজারে ওঠার আগেই অন্ধকারে তাঁদের বাইক লক্ষ্য করে একটি বোমা ছোঁড়া হয়। বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন অলীক ও তাঁর সঙ্গী। জমি রক্ষা কমিটির সদস্যরা পোলেরহাট থানাকে বিষয়টি জানান। এদিকে, শনিবার ভাঙড়ের ধর্মতলা পাচুড়িয়া এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়। নিউটাউনের কারিগরি ভবনের পিছনে একটি বাঁশবাগান থেকে এদিন বোমাগুলি উদ্ধার করে পোলেরহাট থানার পুলিশ। নতুন সরকার গঠন হওয়ার পরও ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় বিরাম নেই। পাশাপাশি, সোনারপুর দক্ষিণে বিজেপি কর্মী প্রণব মণ্ডলের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হল রাজপুর সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তাপস হালদার সহ চারজনকে। শুক্রবার তাঁদের আটক করে সোনারপুর থানা। শনিবার দীর্ঘ জেরা ও জিজ্ঞাসাবাদের পর চারজনকে গ্রেপ্তার করা হয়।